আজই (১ নভেম্বর) ৫২ বসন্তে পা ফেলেছেন বলিউডের বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। ১৯৭৩ সালের এই দিনে তিনি পৃথিবীর আলোয় চোখ মেলেন। এরপর ১৯৯৪ সালে জয় করেন মিস ওয়ার্ল্ড খেতাব।
এই খেতাব জয়ের পর ঐশ্বরিয়া শুধু বলিউডেই নয়, বিশ্বজুড়ে তার সৌন্দর্য, অভিনয় দক্ষতা এবং ব্যক্তিত্বের জাদুতে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ব্যক্তিজীবনে ২০০৭ সালে তিনি বিয়ে করেন অভিনেতা অভিষেক বচ্চনকে। তাদের একমাত্র কন্যা আরাধ্য জন্ম নেয় ২০১১ সালে।
ঐশ্বরিয়ার এবারের জন্মদিনে (১ নভেম্বর) স্মরণ করা যাক বিয়ের পর প্রথম দিকের একটি স্মরণীয় সাক্ষাৎকার। ২০০৭ সালে বিয়ের কিছুদিন পর এবিসি নিউজ-এর সঙ্গে এক আলাপচারিতায় বচ্চন পরিবারের সদস্য হওয়ার অনুভূতি জানান তিনি।
ভারতের সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্র পরিবারে বউ হয়ে যাওয়ার পর কেমন লাগছে?— এমন প্রশ্নের জবাবে হাসিমুখে বুদ্ধিমতি ঐশ্বরিয়া বলেছিলেন, ‘আমি আসলে অভিষেককে বিয়ে করেছি (হাসি)… এবং খুবই খুশি হয়েছি।’ ওই সময় পাশেই বসে থাকা অভিষেক মজা করে বলেছিলেন, ‘ভালো পর্যবেক্ষণ!’
আরও বলেন, ‘আমরা একে অপরকে আগে থেকেই চিনতাম। এবং তারা এতটাই স্বাভাবিক, মূল্যবোধে দৃঢ়, পরিবারকে গুরুত্ব দেন… যেভাবে আমি বড় হয়েছি, সেই একই পরিবেশ এখানে। তাই আমার খুবই স্বস্তি লাগে।’
সাক্ষাৎকারে তাকে আরও জিজ্ঞেস করা হয়েছিল, পরিবারের কর্ণধার অমিতাভ বচ্চনকে কীভাবে দেখেন তিনি? উত্তরে ঐশ্বরিয়া জানান,
‘‘তিনি আমার শ্বশুর। তবে ‘শুধু সেটাই’ বলছি না— সর্বোচ্চ সম্মান, ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে বলছি। তিনি এবং মা (জয়া বচ্চন) আমার জন্য ‘পা’ এবং ‘মা’। আমাকে যেভাবে তারা গ্রহণ করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।”