যেন স্পর্শের বাইরে চলে যাচ্ছিলেন অর্চিতা। কারণ লম্বা সময় হলো, সিনেমার কথা বলে ছেড়েছেন টিভি তথা নাটকের কাজ। সিনেমায় তার স্পর্শ খানিক মিললেও, সেটি যেন হাওয়াই মিঠাই! মিইয়ে গেছে হালকা বাতাসেই।
এরপর বিয়ে ও যুক্তরাষ্ট্র যাত্রা। লম্বা বিরতি শেষে গত বছরে এসে ওয়েব সিরিজ ও একক নাটকে খানিক নিয়মিত হলেও, সেটি আশানুরূপ স্পর্শ করতে পারেনি দর্শক মন।
অবশেষে অভিনেত্রী ফিরছেন তুমুল গতির এক জনপ্রিয় সিরিজের মাধ্যমে। নাম তার ‘ব্যাচেলর পয়েন্ট’। প্রচার চলছে ৫ নম্বর সিজন। এতেই দেখা মিলবে অর্চিতার চমক, দর্শকরা পর্দায় পাবে প্রিয় নায়িকার অভিনয় ও গ্ল্যামারের স্পর্শ।
এ বিষয়ে একেবারে চুপ স্পর্শিয়াও। উল্টো বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় প্রশ্ন করে বসলেন ফেসবুকে, ‘আপনারাই বলুন- আমার চরিত্রটি কী হতে পারে?’
এদিকে স্পর্শিয়াকে ব্যাচেলর বহরে যুক্ত করা প্রসঙ্গে কাজল আরেফিন অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্টে পুরুষ চরিত্রগুলো বেশি দেখা যায়। সেই তুলনায় ফিমেল চরিত্র বেশ কম। দর্শকরা বিগত সিজনে এখানে যেসব ফিমেল চরিত্র দেখেছেন, সবাইকে পছন্দ করেছেন এবং চরিত্রগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। গল্পের চাহিদায় মনে হয়েছে, সিজন ফাইভে আরও নতুন চরিত্র দরকার, যে কারণে স্পর্শিয়াকে নিয়েছি। আমি চাই, তার চরিত্রটি দর্শকদের জন্য সারপ্রাইজ হোক। স্পর্শিয়ার সঙ্গে কারও পেয়ার হয় কিনা বা তার চরিত্র কতটা আনন্দিত করবে, সেটা সিজন ফাইভের পরের পর্বগুলো দেখলে দর্শক বুঝতে পারবেন।’
চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ পর্বগুলো।