দেশের সবচেয়ে বড় সিনেমা উৎসবটি অনেকটাই অনিশ্চয়তার চাদরে ঢাকা ছিলো। কারণ, সাম্প্রতিক সময়ে কোনও অনুষ্ঠানেরই ঠিক অনুমোদন মিলছিলো না, নিরাপত্তার অজুহাতে। সেই অনিশ্চয়তার মেঘ কাটলো বলে। নিশ্চিত হওয়া গেলো, ১০ জানুয়ারি ঠিকঠাক পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।
সোমবার (৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে উৎসবের পূর্ণাঙ্গ সময়সূচি। যাতে দেখা গেছে, উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে চীনের চলচ্চিত্র ‘দ্য জার্নি টু নো এন্ড’। তাই নয়, এবারের উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে ‘চায়নিজ ফিল্ম উইক’ শিরোনামে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উদযাপন করা হবে।
রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে এবার থাকছে মোট ১১টি বিভাগ। বিশ্বের ৭০টিরও বেশি দেশ থেকে নির্বাচিত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্যের মোট ২৪৬টি সিনেমা প্রদর্শিত হবে।
উৎসবের ভেন্যু হিসেবে থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম।
১০ জানুয়ারি বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এরপর বিকেল সাড়ে ৫টায় এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে প্রতিযোগী হিসেবে প্রদর্শিত হবে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড’। সন্ধ্যা ৭টায় দেখানো হবে ইরানের সিনেমা ‘উইদাউট মি’।
এবারের উৎসবে বাংলাদেশ প্যানারোমা বিভাগে জায়গা পেয়েছে ৯টি দেশীয় সিনেমা। এগুলো হলো– সোহেল রানা বয়াতীর ‘নয়া মানুষ’, জোবাইদুর রহমানের ‘উড়াল’, বিপ্লব কুমার পাল বিপুর ‘ধামের গান’, অনন্য প্রতীক চৌধুরীর ‘নয়া নোট’, সুমন ধরের ‘আগন্তুক’, আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, মনিরুল হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, জ্যাক মিরের ‘দ্য স্টোরি অব আ রক’ এবং তানিম নূরের ‘উৎসব’।
৯ দিনব্যাপী এই আয়োজনের পর্দা নামবে ১৮ জানুয়ারি, পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে।