দুই যুগে পদার্পণ করলো দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট। গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী শারমিন সুলতানা সুমীর নেতৃত্বে এগিয়ে চলা ব্যান্ডটি দুই যুগে বাংলা গানের ভাণ্ডারে যুক্ত করেছে অনেক জনপ্রিয় গান। স্বীকৃতিস্বরুপ মিলেছে দেশি-বিদেশি অসংখ্য পুরস্কার ও সম্মাননাও। তারই ধারাবাহিকতায় সম্মাননা ও কনসার্টে নতুন বছরের পথচলা শুরু হলো।
গত ৩ জানুয়ারি সিলেটে কনসার্টের মধ্য দিয়ে বছর শুরু করা চিরকুট ৯ জানুয়ারি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের ২৫তম আসরে তৃতীয় বারের মতো সেরা ব্যান্ডের স্বীকৃতি ও সম্মাননা গ্রহণ করলো।
এ আয়োজনে ২০২৫ সালে প্রকাশিত ব্যান্ডের ‘ভালোবাসাসমগ্র’ অ্যালবামের ‘দামি’ গানটির জন্য সেরা ব্যান্ডের পুরস্কার পায়। পুরস্কারটি গ্রহণ করতে মঞ্চে পুরো দলকে নিয়ে উপস্থিত হন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা শারমিন সুলতানা সুমী।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়া সুমী বলেন, “২০২৫ সালে ১০টি নতুন গান নিয়ে রিলিজ হওয়া আমাদের ‘ভালোবাসাসমগ্র’-অ্যালবামের ‘দামী’ গানটির জন্য এই সম্মান দেয়া হয়েছে আমাদের। স্রষ্টা মহান! স্রোতারা আশীর্বাদ, দামী! নিজেদের কথা-সুরে প্রতিনিয়ত নতুন গানের সংগ্রামে আমাদের ২৪ বছর যাত্রায় এ অর্জনটুকু আরও বেশি করে অনুপ্রেরণা হয়ে থাকুক আমাদের চিরকুট-এর প্রত্যেকের জীবনে।”
পেছন ফিরে তাকিয়ে সুমী বলেন, “চিরকুট সবসময় নতুন গান তথা নতুন কথা ও সুরের অন্বেষণে থেকেছে। চিরকুট একটা প্রতিষ্ঠান হিসেবে বছরের পর বছর সদস্যদের পাশে থেকে তাদের এগিয়ে রাখার চেষ্টা করেছে। মিউজিকে নতুন কিছু যুক্ত করার নিরীক্ষা করেছে। এর ফলেই অনেক মিউজিশিয়ানদের আঁতুড়ঘর হয়ে উঠেছে চিরকুট। দেশের বাইরে যখন বিশ্বের অন্যান্য প্রথম সারির ব্যান্ডের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে বাংলা গান গেয়েছি আমাদের চোখ ভিজেছে দেশের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতায়। সবার মনে ভালোবাসার ‘চিরকুট’ হয়ে থেকে যেতে চাই।”
চিরকুট-এর বর্তমান লাইনআপ- পাভেল আরিন- ড্রামস ও মিউজিক প্রোডিউসার; প্রান্ত- গিটার, ম্যান্ডোলিন, সেতার ও ইউকেলেলে; ইশমাম- বেইজ, দিব্য- লিড গিটার, ইয়ার- হারমোনিয়াম, কিবোর্ড, ভায়োলিন ও ভোকাল; ফায়েজ সাগর- সাউন্ড ইঞ্জিনিয়ার, শারমিন সুলতানা সুমী- গীতিকার, সুরকার, মিউজিক ডিরেক্টর ও ভোকালিস্ট।