নিজের বিয়েতেও গাইলেন ‘শিরোনামহীন’ শেখ ইশতিয়াক!

তাহসানের বিচ্ছেদের অস্বস্তিকর খবরের দিনে যেন খানিক স্বস্তির বাতাস দিলেন শিরোনামহীন ভোকাল শেখ ইশতিয়াক। জানান দিলেন, বিয়েবন্ধনে আবদ্ধ হওয়ার খবর।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ৩০০ ফিট এলাকার একটি রিসোর্টে পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে জমকালো আয়োজনে সম্পন্ন হয় তার বিয়ের আনুষ্ঠানিকতা। এতে লাইভ গান পরিবেশন করে ব্যান্ড শিরোনামহীন! যাতে নিজের বিয়েতেই পারফর্ম করেছেন ইশতিয়াক। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মঞ্চে ব্যান্ডের পারফরম্যান্স চলাকালে ইশতিয়াকের পাশে দাঁড়িয়ে আছেন তার নববধূ।

রবিবার (১১ জানুয়ারি) সামাজিকমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে ইশতিয়াক লেখেন, ‘আলহামদুলিল্লাহ। গতকাল আমরা একসঙ্গে নতুন যাত্রা শুরু করেছি। দয়া করে আমাদের প্রার্থনায় রাখবেন। আল্লাহ যেন আমাদের বিয়েকে ভালোবাসা, ধৈর্য ও বোঝাপড়ার আশীর্বাদে ভরে দেন। আমরা যেন বিশ্বাস ও মায়া নিয়ে একসঙ্গে বেড়ে উঠতে পারি।’

স্ত্রীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে শনিবার সন্ধ্যায় ব্যান্ড শিরোনামহীন-এর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও ইশতিয়াকের বিয়ের খবরটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সেখানে লেখা হয়, ‘হ্যালো! আজ আমরা একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছি। ঠিকই শুনেছেন, আজ আমাদের শেখ ইশতিয়াকের বিয়ে। তার জীবনের এই নতুন ইনিংসের জন্য সবার কাছে দোয়া চাইছি।’

বলা দরকার, একক শিল্পী হিসেবে সংগীতজীবন শুরু করেন শেখ ইশতিয়াক। ২০১৭ সালে তানযির তুহীন দল ছেড়ে দিলে তাতে যোগ দেন ইশতিয়াক। এভাবেও বলা যেতে পারে, তুহীনের ডুবিয়ে যাওয়া ব্যান্ডটিকে ভাসিয়ে তুলেছে ইশতিয়াকের কণ্ঠ। যার অন্যতম উদাহরণ ‘এই অবেলায়’।