জনপ্রিয় ভ্লগার ভাইসাব (সামিউল হক ভূঁইয়া) বিনা নোটিশেই আজকাল ক্যামেরা নিয়ে ঢুকে পড়ছেন ব্যাচেলরদের রান্নাঘরে! বিপদে ফেলতে নয়, বরং ব্যাচেলর জীবনের নিখাদ গল্প তুলে ধরাই তার লক্ষ্য।
‘‘ব্যাচেলর’স কিচেন’’ নামের এই বিশেষ আয়োজনটি নিয়মিত প্রকাশ হচ্ছে দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। এটি ১২ পর্বের কনটেন্ট সিরিজ, যা প্রতি বৃহস্পতিবার রাত ৮টায় একটি করে নতুন পর্ব প্রকাশিত হয়।
ব্যাচেলরদের নিয়ে বানানো এই কনটেন্টে রান্না হয়ে উঠেছে ব্যাচেলর জীবনের গল্প বলার নতুন মাধ্যম। যাতে দেখা যাচ্ছে, হোস্ট ভাইসাব (সামিউল হক ভূঁইয়া) ক্যামেরা হাতে ঢুকে পড়েন কখনও স্টুডেন্টদের চিলেকোঠায়, কখনও কর্মজীবী ব্যাচেলরদের ছোট রান্নাঘরে, আবার কখনও বিশ্ববিদ্যালয়ের হল কিংবা ক্যাম্পাসের খোলা জায়গায়।
ভাইসাব সেসব জায়গায় বেছে নেন মনে মনে, যেখানে জীবন চলে কড়াকড়ি হিসেবে, কিন্তু বন্ধুত্ব আর আড্ডার কখনও কমতি থাকে না।
ভাইসাব জানান, এখানে থাকে না কোনও ফিক্সড রেসিপি; থাকে অল্প উপকরণে চালিয়ে নেওয়ার বুদ্ধি, একসাথে থাকার আনন্দ আর নিজের দায়িত্ব নিজে নেওয়ার শিক্ষা।
‘‘ব্যাচেলর’স কিচেন’’ তুলে ধরে সেই চেনা কিন্তু না বলা অনুভূতিগুলো, যা একসাথে হাসায়, ভাবায় এবং মনে করিয়ে দেয় জীবনের অনেক গুরুত্বপূর্ণ রেসিপি আসলে তৈরি হয় ব্যাচেলর জীবনের রান্নাঘরেই।
অনুষ্ঠানটি গবেষণা করেছেন ফাহমিদুর রহমান ও পরিচালনা করেছেন সাইবেতুর রহমান ফয়সাল। দেখা যাচ্ছে দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।