পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে গত ৮ জানুয়ারি শুরু হয় ষষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১০ জানুয়ারি পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামলো তারুণ্যের চলচ্চিত্র তারুণ্যের উৎসব।
৩২ দেশের ৭৪টি চলচ্চিত্র নিয়ে আয়োজিত সমাপনী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উৎসব পরিচালক সুপিন বর্মন। উৎসব চেয়ারম্যান এম রহমান সাগরের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন জুরি সন্তোষ সুবেদী, চেয়ারম্যান নেপাল কালচারাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল।
আরও ছিলেন, নির্মাতা মোহাম্মদ রকিবুল হাসান, খন্দকার সুমন, অন্তু আজাদ, সিনেমাটোগ্রাফার শেখ রাজিবুল ইসলাম, নির্মাতা রাজিবুল হোসাইন ও জীবন শাহাদাৎ।
প্রতিটি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র নির্বাচনের জন্য গঠিত হয়েছিলো ৭ দেশের ১১ জন অভিজ্ঞ জুরি নিয়ে জুরিবোর্ড। এবার উৎসবে ৬ দেশের মোট ৪৫ জন চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী উপস্থিত ছিলেন।
পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সভাপতি পৌষরাম সরকার ও উৎসব চেয়ারম্যান এম রহমান সাগর অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান একই সাথে বগুড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।