একটি মধুর জয় আর কিছু চমক!

ডার্ক-কমেডি অ্যাকশন-থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং পুত্রের মৃত্যুতে উইলিয়াম শেক্সপিয়রের শোককে কেন্দ্র করে নির্মিত ‘হ্যামনেট’ গোল্ডেন গ্লোবসে যথাক্রমে সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি) ও সেরা চলচ্চিত্র (ড্রামা) পুরস্কার জিতেছে। ফলে অস্কার দৌড়ে সামনের সারিতে থাকার মোমেন্টাম পেয়ে গেলো ছবি দুটি। কারণ হলিউডের বার্ষিক পুরস্কার মৌসুমের গুরুত্বপূর্ণ আয়োজনের মধ্যে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অন্যতম।

হলিউডের ‘পার্টি অব দ্য ইয়ার’ হিসেবে পরিচিত শ্যাম্পেন-উৎসবমুখর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসকে অস্কারের পথে গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে বিবেচনা করা হয়। কারণ গোল্ডেন গ্লোবস জিতলে যেকোনও ছবি ও অভিনয়শিল্পীর অস্কারে মনোনয়ন প্রাপ্তি ও জয়ের সম্ভাবনা বেড়ে যায়। গোল্ডেন গ্লোবসের বিজয়ী তালিকা সাধারণত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ভোটারদের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। বিশ্বের বিভিন্ন প্রান্তের তিন শতাধিক বিনোদন সাংবাদিকের ভোটে গোল্ডেন গ্লোবস প্রদান করা হয়েছে। যথারীতি এবারের আসরে জয়ীরা আগামী মার্চে অনুষ্ঠিতব্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) দৌড়ে এগিয়ে থাকবেন।

৮৩তম  গোল্ডেন গ্লোবসে সেরা চলচ্চিত্রসহ (মিউজিক্যাল অথবা কমেডি) সর্বাধিক চারটি স্বীকৃতি পেয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এর সুবাদে ৯৮তম অস্কারের সেরা চলচ্চিত্র বিভাগে এটি মনোনয়ন পেতে যাচ্ছে, এখনই বলে দেওয়া যায়! ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি প্রযোজিত এই ছবিতে একদল ব্যর্থ বিপ্লবীর গল্প বলা হয়েছে। তাদেরই একজনের চরিত্রে নৈপুণ্য দেখিয়ে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কার পেয়েছেন টিয়ানা টেলর। আমেরিকান গায়িকা বিয়ন্সের একটি মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি দিয়ে ১৫ বছর বয়সে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। গোল্ডেন গ্লোবসে এই জয়ের সুবাদে হলিউডে নিজের অবস্থান দৃঢ় হলো ৩৫ বছর বয়সী এই গায়িকা-অভিনেত্রীর। আবেগাপ্লুত হয়ে অনেককে ধন্যবাদ জানানোর পর কৃষ্ণাঙ্গদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আমাদের আলো জ্বালাতে কারও অনুমতির দরকার নেই। আমাদের কণ্ঠের মূল্য আছে, আর আমাদের স্বপ্ন জায়গা পাওয়ার যোগ্য।’

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিটির জন্য আমেরিকান নির্মাতা পল টমাস অ্যান্ডারসন সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন। তিনি বলেন, ‘এই ছবি আর আমার প্রতি আপনাদের এতো ভালোবাসায় আমি কৃতজ্ঞ। আমি যা করি(পরিচালনা), সেই কাজ করতেই আমি ভালোবাসি।’সঞ্চালক নিকি গ্লেজারমধুর জয়
এবারের আসরে কয়েকটি বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এরমধ্যে সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগের ট্রফি জিতেছেন টিমোতি শালামে। জশ সাফদি পরিচালিত ‘মার্টি সুপ্রিম’ ছবিতে টেবিল টেনিস চ্যাম্পিয়ন হতে মরিয়া এক তরুণের চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি উঠেছে তার হাতে। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও, ‘জে কেলি’ ছবির অভিনেতা জর্জ ক্লুনিসহ ইথান হক (ব্লু মুন), লি বিয়াং-হান (নো আদার চয়েস) ও জেসি প্লেমন্সকে (বুগোনিয়া) হটিয়ে গোল্ডেন গ্লোব ঘরে তুলেছেন তিনি।  তাদের উদ্দেশ করে শালামে বলেন, ‘দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল এই বিভাগ। আপনাদের সবাইকে আমি শ্রদ্ধা করি। কয়েকজন মহান শিল্পীর সঙ্গে একই বিভাগে ছিলাম।’

২০১৮, ২০১৯, ২০২৪ ও ২০২৫ আসর মিলিয়ে গোল্ডেন গ্লোবসে চারবার মনোনয়ন পেয়েছেন টিমোতি শালামে। কিন্তু আগের তিনবার পুরস্কার কপালে জোটেনি তার। এবার আর খালি হাতে ফিরতে হয়নি তাকে। ৩০ বছর বয়সী এই ফরাসি-আমেরিকান অভিনেতা বলেন, ‘আমার বাবা আমাকে কৃতজ্ঞতার মনোভাব শিখিয়েছেন, যা আছে তা নিয়ে সবসময় কৃতজ্ঞ থাকতে বলতেন তিনি। এর ফলে আগে এই অনুষ্ঠান থেকে পুরস্কার বিহীন ফিরেছি মাথা উঁচু করে, কেবল এই আয়োজনে থাকতে পারায় কৃতজ্ঞ ছিলাম। সত্যি বলতে কী, সেই অভিজ্ঞতাগুলোই আজকের এই মুহূর্তকে আরও মধুর করে তুলেছে।’ 

সবশেষে প্রেমিকা কাইলি জেনারের দিকে তাকিয়ে শালামে যোগ করেন, ‘আমার বাবা-মা ও আমার সঙ্গীনির প্রতি, আমি তোমাদের খুব ভালোবাসি।’জেসি বাকলিশেক্সপিয়রের কাছে হারলো ভ্যাম্পায়ার!
আইরিশ কথাসাহিত্যিক ম্যাগি ও’ফ্যারেলের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে ক্লোয়ি জাও পরিচালিত ‘হ্যামনেট’ ছবিতে তুলে ধরা হয়েছে ১১ বছর বয়সী ছেলের মৃত্যুর পর নিজেদের কীভাবে সামলেছিলেন শেক্সপিয়র ও তার স্ত্রী। ইতিহাসবিদদের মতে, ছেলে হ্যামনেটের মৃত্যুর ঘটনায় প্রভাবিত হয়েই শেক্সপিয়ার ‘হ্যামলেট’ নাটকটি লেখেন। শেক্সপিয়রের স্ত্রী অ্যাগনেস হ্যাথাওয়ের ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী (ড্রামা) পুরস্কার জিতেছেন আইরিশ তারকা জেসি বাকলি। এর আগে ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস পেয়েছেন তিনি। গোল্ডেন গ্লোবের ট্রফি গ্রহণ করে ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘এটা সত্যিই বড় সম্মান। এই শুটিং সেটের অংশ হওয়ার অভিজ্ঞতা অসাধারণ। কারণ আমরা সম্ভবত সর্বকালের সবচেয়ে বিখ্যাত ব্রিটিশ ব্যক্তিত্বের গল্প বলেছি, আর আমাদের পরিচালক ছিলেন চীনা, ইউনিটে ছিলেন অনেক আইরিশ ও বেশিরভাগই পোলিশ ক্রু।’

‘হ্যামনেট’ সহ-প্রযোজনা করেছেন খ্যাতিমান নির্মাতা স্টিভেন স্পিলবার্গ ও স্যাম মেন্ডেস। পুরস্কার গ্রহণ করে প্রযোজক স্টিভেন স্পিলবার্গ জানান, উপন্যাসটি ভীষণ ভালো লেগেছে তার। তবে তার মতে, একমাত্র ক্লোয়ি জাও গল্পটি যথাযথভাবে বলতে পারতেন। চীনা বংশোদ্ভূত আমেরিকান পরিচালক ক্লোয়ি জাও বলেন, “এই ছবি নির্মাণের সঙ্গে ‘হ্যামনেট’ গ্রামের বাসিন্দারা ছিলেন। তাদের কেউ কেউ শুটিংয়ের সময় প্রিয়জন হারিয়েছেন, কেউ কেউ এখনও লড়াই করছেন। আমি শুধু বলতে চাই, আমরা আপনাদের কথা ভাবছি। আপনাদের জন্যই আমরা এতদূর আসতে পেরেছি, আমরা আপনাদের ভালোবাসি।”

রায়ান কুগলার পরিচালিত ভ্যাম্পায়ার থ্রিলার ‘সিনার্স’ সেরা চলচ্চিত্র (ড্রামা) হবে বলে ধরা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট পুরস্কার ও সেরা আবহ সংগীত বিভাগের স্বীকৃতি জিতে সন্তুষ্ট থাকতে হয়েছে ছবিটিকে।রোজ বার্নবার্লিন থেকে শুরু...
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগে প্রত্যাশা অনুযায়ী জয় পেয়েছেন অস্ট্রেলিয়ান তারকা রোজ বার্ন। ‘ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ’ ছবিতে একজন মায়ের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী নিজের পরিবারের প্রতি সম্মান জানিয়েছেন। হাসতে হাসতে তিনি বলেন, ‘আমার মা-বাবাকে ধন্যবাদ। তারা সিডনিতে বসে গোল্ডেন গ্লোবস দেখতে প্যারামাউন্ট+ সাবস্ক্রাইব করেছেন। ববি কানাভ্যাল (স্বামী) আজ এখানে নেই, কারণ আমরা একটি গিরগিটি নিচ্ছি। সেজন্য নিউ জার্সির একটি রেপটাইল এক্সপোতে গেছে ববি। ধন্যবাদ, সোনা।’

‘ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ’ ছবির জন্য ৭৫তম বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হন রোজ বার্ন। আশা করা হচ্ছে, অস্কারেও মনোনয়ন পাবেন তিনি। গোল্ডেন গ্লোবসে তার কাছে সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগে হেরেছেন সিনথিয়া এরিভো (উইকেড: ফর গুড), কেট হাডসন (সং সাং ব্লু), চেস ইনফিনিটি (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), আমান্ডা সেফ্রিড (দ্য টেস্টামেন্ট অব অ্যান লি) ও এমা স্টোন (বুগোনিয়া)।ভাগনার মোরাচমকে দেওয়া এজেন্ট!
কান উৎসবে স্বর্ণপাম জয়ী ইরানের জাফর পানাহির ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’কে হতাশ করে সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’। ছবিটির জন্য ব্রাজিলিয়ান তারকা ভাগনার মোরা’র সেরা অভিনেতা (ড্রামা) বিভাগের পুরস্কার জয় এবারের আসরের বড় চমক। তিনি বলেন, ‘এটি প্রজন্মগত ট্রমা নিয়ে একটি ছবি। ট্রমা যদি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়তে পারে, তবে মূল্যবোধও পারে। কঠিন সময়ে যারা নিজেদের মূল্যবোধ আঁকড়ে ধরে থাকেন, এই পুরস্কার তাদের জন্য।’

সেরা অভিনেতা (ড্রামা) বিভাগে মনোনীত মাইকেল বি. জর্ডান (সিনার্স) এই স্বীকৃতি পাবেন বলে প্রত্যাশা করা হয়েছিল। সেরা অভিনেতা (ড্রামা) বিভাগে মনোনীত বাকি চার তারকা হলেন– জোল এজারটন (ট্রেন ড্রিমস), অস্কার আইজ্যাক (ফ্রাঙ্কেনস্টাইন), ডোয়ায়েন জনসন (দ্য স্ম্যাশিং মেশিন) ও জেরেমি অ্যালেন হোয়াইট (স্প্রিংস্টিন: ডেলিভারি মি ফ্রম সামওভার)।

নরওয়ের পারিবারিক ড্রামা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’র জন্য স্টেলান স্কর্শগার্ড সেরা পার্শ্ব অভিনেতা বিভাগের পুরস্কার জিতেছেন। এটি আরেক চমক! ৭৪ বছর বয়সী এই সুইডিশ অভিনেতা মঞ্চে উঠে রসিকতার সুরে বলেন, ‌‘আমি ট্রফি গ্রহণের জন্য প্রস্তুত ছিলাম না। কারণ ভেবেছিলাম আমি খুব বেশি বুড়িয়ে গেছি।’

এরপর তিনি বড় পর্দায় সিনেমা দেখার পক্ষে নিজের জোরালো অবস্থান তুলে ধরেন। অতিথিদের করতালির মধ্যে তিনি বলেন, ‘সিনেমাহলে গিয়েই সিনেমা দেখা উচিত।’

সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে ফেভারিট ভাবা হয়েছিল জ্যাকব এলোর্ডি (ফ্রাঙ্কেনস্টাইন) ও বেনিসিও দেল তোরোকে (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)। এছাড়া পল মেসকাল (হ্যামনেট), শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার) ও অ্যাডাম স্যান্ডলার (জে কেলি) ছিলেন সংক্ষিপ্ত তালিকায়। তাদের সবাইকে ফিরতে হয়েছে খালি হাতে।‘গোল্ডেন’ গানের কারিগরেরা, (মাঝে) ইজেই‘গোল্ডেন’ জিতলো গ্লোব
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘কেপপ ডিমন হান্টার্স’। গত জুনে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্সের সাড়াজাগানো এই অ্যানিমেটেড ছবিতে ব্যবহৃত ‘গোল্ডেন’ সেরা মৌলিক গানের স্বীকৃতি পেয়েছে। গানটি তৈরি করেছেন জুং জিউ কোয়াক, ইয়ু হান লি, হি ডং নাম, জিয়ং হুন সিও, পার্ক হং জুন, ইজেই ও মার্ক সনেনব্লিক। এটি গেয়েছেন কোরিয়ান-আমেরিকান সংগীতশিল্পী ইজেই, দক্ষিণ কোরিয়ান গায়িকা-র‌্যাপার রেই আমি ও আমেরিকান গায়িকা-র‌্যাপার অড্রে নুনা।

পুরস্কার মঞ্চে ইজেই স্মরণ করেন, ক্যারিয়ারের শুরুর দিকে কে-পপ আইডল হওয়ার লক্ষ্যে তার অবিরাম প্রচেষ্টা শেষ পর্যন্ত হতাশায় থেমে গিয়েছিল। তিনি এই পুরস্কার উৎসর্গ করেন তাদের জন্য, যাদের দরজা বারবার বন্ধ করে দেওয়া হয়েছে। ‘গোল্ডেন’ গানের লাইন টেনে এনে ইজেই বলেন, ‘তুমি যেমন হয়ে জন্মেছো, ঠিক তেমনভাবেই ঝলমল করতে পারো জীবনের যেকোনও পর্যায়ে। আমি এমন একটি গানের অংশ হতে পেরে গর্বিত, যা অন্য ছেলেমেয়ে সবারই নিজেদের কষ্টের সময় পেরিয়ে যেতে ও নিজেদের গ্রহণ করতে সহায়তা করছে।’

হান্টার/এক্স নামে মেয়েদের একটি ব্যান্ডকে কেন্দ্র করে ‘কেপপ ডিমন হান্টার্স’ ছবির গল্প, যারা অশুভ শক্তির হাত থেকে বিশ্বকে বাঁচাতে গান-বাজনাকে ব্যবহার করে। এতে নারীদের শক্তিশালী ও সাহসী হিসেবে তুলে ধরেছেন দক্ষিণ কোরিয়ান-কানাডিয়ান পরিচালক ম্যাগি ক্যাং ও আমেরিকান নির্মাতা ক্রিস অ্যাপেলহান্স। মূল চরিত্র রুমি হিসেবে কণ্ঠ দিয়েছেন কোরিয়ান-আমেরিকান অভিনেত্রী আর্ডেন চো।

অ্যানিমেটেড সেনসেশনে পরিণত হওয়া ‘কেপপ ডিমন হান্টার্স’ মুক্তির মাত্র দুই মাসের মধ্যেই নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে বেশি দেখা চলচ্চিত্রের রেকর্ড গড়েছে। পাশাপাশি প্রকাশের কয়েক সপ্তাহের মধ্যে ‘গোল্ডেন’ গানটি বিলবোর্ড হট হান্ড্রেড চার্টে এক নম্বর স্থান দখল করে নেয়। চলতি মাসের শুরুতে ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে ‘কেপপ ডিমন হান্টার্স’ সেরা অ্যানিমেটেড ছবি ও ‘গোল্ডেন’ সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে।প্রথমবার চালু করা সেরা পডকাস্ট বিভাগের পুরস্কার জিতেছেন অ্যামি পোলারনতুন বিভাগ
নতুন যুক্ত হওয়া সেরা পডকাস্ট বিভাগে গোল্ডেন গ্লোব জিতে নিয়েছে ‘গুড হ্যাং উইথ অ্যামি পোলার’। অনুষ্ঠানে কমেডি তারকা অ্যামি পোলার মূলত তারকা অতিথিদের সাক্ষাৎকার নিয়েছেন। নিজের অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি এমন এক প্রচেষ্টা, যার মাধ্যমে আমরা খুব কঠিন ও নিষ্ঠুর এই পৃথিবীকে সামান্য ভালোবাসা আর হাসিতে ভরিয়ে তুলতে চাই। মানুষকে নিয়ে হাসাহাসি নয়, বরং সব মানুষ একসঙ্গে হাসতে চাই। অনুষ্ঠানটি তৈরি করতে গিয়ে আমরা সত্যিই দারুণ সময় কাটাই।’

ছোট পর্দায় সেরা যারা
গোল্ডেন গ্লোবস চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠানের জন্য পুরস্কার দিয়ে থাকে। নেটফ্লিক্সের ‘অ্যাডোলেসেন্স’ সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি স্বীকৃতি জিতেছে। এতে অভিনয়ের সুবাদে স্টিফেন গ্রাহাম সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি), ওয়েন কুপার সেরা টিভি পার্শ্ব অভিনেতা ও এরিন ডোহার্টি সেরা টিভি পার্শ্ব অভিনেত্রী হয়েছেন। 

১৬ বছর বয়সী ব্রিটিশ তারকা ওয়েন কুপার বলেন, ‘আমি এখনও পুরোপুরি একজন শিক্ষানবিশ। প্রতিদিনই আমি শিখছি। আপনাদের সামনে বসে থাকা মানুষদের কাছ থেকেও আমার সামনে বসে থাকা মানুষদের কাছ থেকেও আমি শিখছি।’

ঝড়ের গতিতে নিজের উত্থান নিয়ে বিস্ময় লুকাননি ওয়েন কুপার। তার অনুভূতিতে, ‘এটা পাগলামি! আসলে কী হচ্ছে?’ এরপর নিজের প্রিয় ফুটবল দল লিভারপুল এফসি’র মন্ত্র উচ্চারণ করে বক্তব্য শেষ করেন এই কিশোর, ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন।’

সেরা টিভি সিরিজের (ড্রামা) পুরস্কার জিতেছে এইচবিও ম্যাক্সের ‘দ্য পিট’। এতে তুলে ধরা হয়েছে যুক্তরাষ্ট্রে রোগীদের চাপে হিমশিম খাওয়া মেডিক্যাল সেন্টারের জরুরি বিভাগগুলোর বাস্তব চিত্র। সিরিজটিতে চিকিৎসকের ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা (ড্রামা সিরিজ) হয়েছেন নোয়া ওয়াইলি। 

অন্যদিকে হলিউডকে ব্যঙ্গ করে নির্মিত অ্যাপল টিভির ‘দ্য স্টুডিও’ জিতে নিয়েছে সেরা টিভি সিরিজের (মিউজিক্যাল অথবা কমেডি) সম্মান। এতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি সিরিজ) হয়েছেন সেথ রোগেন। ‘দ্য স্টুডিও’তে হলিউড নির্বাহী ম্যাট রেমিকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি, যাকে চলচ্চিত্র শিল্পের করপোরেট চাপ ও নিজের সৃজনশীল আকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হয়। গোল্ডেন গ্লোবসকে কেন্দ্র করে নির্মিত কমেডি সিরিজটির একটি ব্যঙ্গাত্মক পর্বে পুরস্কার জিততে দেখা যায় তাকে। সেরা টিভি কমেডি অভিনেতার ট্রফি গ্রহণ করে তিনি বলেন, ‘এটা ভীষণ অদ্ভুত! আমরা তো কেবল ভান করে এটা করেছিলাম, আর এখন সত্যিই ঘটলো। আমি ভেবেছিলাম, নিজের জন্য একটা ভুয়া ট্রফি পাওয়ার একমাত্র উপায় হলো পুরো একটি শো বানানো!’

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ) হয়েছেন রিয়া সিহর্ন (প্লুরিবাস)। সেরা অভিনেত্রীর (মিউজিক্যাল অথবা কমেডি সিরিজ) পুরস্কার পেয়েছেন জিন স্মার্ট (হ্যাকস)। সেরা অভিনেত্রীর (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি) স্বীকৃতি জিতেছেন মিশেল উইলিয়ামস (ডায়িং ফর সেক্স)। সেরা স্ট্যান্ড-আপ কমেডি পারফরম্যান্স পুরস্কার জিতেছে নেটফ্লিক্সের ‘রিকি জার্ভে: মর্টালিটি’। 

টেলিভিশনের বিভাগগুলোতে ছয়টি মনোনয়ন নিয়ে এগিয়ে থাকা ‘দ্য হোয়াইট লোটাস’ কোনও পুরস্কার জিততে পারেনি।

সঞ্চালকের রসিকতা
রবিবার (১১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস শহরের বেভারলি হিলটন হোটেলে লালগালিচাময় অনুষ্ঠানে উপস্থিত প্রথম সারির তারকাদের নিয়ে হালকা রসিকতা করেছেন উপস্থাপক নিকি গ্লেজার। অল্প বয়সী তরুণীদের সঙ্গে লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেম করার সুনাম নিয়ে ঠাট্টা করার পর ‘সস্তা’ মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আসলে আপনার সম্পর্কে আর কিছুই তো আমরা জানি না!’

হলিউডে নিলাম প্রতিযোগিতার কেন্দ্রে থাকা ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি সর্বাধিক ৯টি গোল্ডেন গ্লোব জিতেছে। উপস্থাপক নিকি গ্লেজার রসিকতা করে অনুষ্ঠানের শুরুতে বলেন, ‘চলুন তাহলে ব্যবসায় নেমে পড়ি। ওয়ার্নার ব্রাদার্সের জন্য দর হাঁকা শুরু হোক ৫ ডলার থেকে!’

অনুষ্ঠানে তারকারা মূলত রাজনৈতিক প্রসঙ্গ এড়িয়ে চলেন। তবে যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে গত সপ্তাহে এক অভিবাসন কর্মকর্তার গুলিতে নিহত নারী রেনি গুড স্মরণে কয়েকজন তারকা নিজেদের পোশাকে ‘বি গুড’ লেখা পিন পরে এসেছিলেন। অনুষ্ঠানে তাই নিকি গ্লেজার রসিকতা করে বলেন, ‘গোল্ডেন গ্লোবস নিঃসন্দেহে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা!’

আন্তর্জাতিক ভোটার
২০২৩ সালে গোল্ডেন গ্লোবসের সম্পদ যৌথভাবে কিনে নেয় এলড্রিজ ইন্ডাস্ট্রিজ ও ডিক ক্লার্ক প্রোডাকশন্স। এর ফলে বৈচিত্র্যের অভাব ও নৈতিক ত্রুটির অভিযোগে সমালোচিত হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন বন্ধ করে দেওয়া হয়। নতুন মালিকানার অধীনে সংস্থাটি শতাধিক দেশের ৩০০ সাংবাদিককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করেছে, যেখানে ৬০ শতাংশ সদস্য বর্ণ ও জাতিগত বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করে। তাদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি।