নাওভি-জিমকে নিয়ে ‘নীল রেইনকোট’

বর্ষার এক দিনে নীলক্ষেতের পুরনো বইয়ের দোকানে বৃষ্টিতে ভিজে অর্পিতার পরিচয় হয় শুভ্রর সঙ্গে—নীল রেইনকোট পরা।  রবীন্দ্রনাথপ্রেমী এক তরুণ। চা, বই, বৃষ্টি আর কিছু সাধারণ কথার মধ্যেই জন্ম নেয় এক অদ্ভুত, নিঃশব্দ সংযোগ। বিদায়ের সময় শুভ্র প্রতিশ্রুতি দেয়, ফিরলে নীল রেইনকোট পরেই ফিরবে।

এদিকে অর্পিতা ধানমন্ডির এক পুরনো ফ্ল্যাটে একা থাকে। নিয়মে বাঁধা এক ব্যাচেলর জীবন। প্রতিদিন বিকাল ৫টা ২০ মিনিটে সে বারান্দায় দাঁড়িয়ে থাকে, কারও জন্য নয়—একটি মুহূর্ত, একটি সম্ভাবনা, আর একটি নীল রেইনকোটের জন্য!

এমনই গল্পে নির্মিত হয়েছে আসন্ন ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‌‘নীল রেইনকোট’। তানভীর হাসানের গল্পে এটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। গল্পে শুভ্র চরিত্রে অভিনয় করেছেন সাদ নাওভি এবং অর্পিতা চরিত্রে জিম। এই জুটির এটিই একসঙ্গে প্রথম কাজ।

পরিচালক রুবেল আনুশ বলেছেন, ‘ভালোবাসা দিবসকে ঘিরেই এই স্যাড-রোমান্টিক গল্পের নাটকটি বানিয়েছি। এখানে প্রথমবারের মতো একসঙ্গে জুটি হয়ে কাজ করেছে নাওভি ও জিম। দুজনেই বেশ চমৎকার ছিল। আশা করি দর্শকরা কাজটি পছন্দ করবেন।’

প্রযোজক আকবর হায়দার মুন্না জানান, ৬ ফেব্রুয়ারি নাটকটি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

এতে আরও অভিনয় করেছেন দিশা রহমান, আনোয়ার, আনোয়ার, সিদ্ধাত্য, আব্রাহাম তামিম প্রমুখ।