শ্যামবর্ণ এক নারীর প্রতি সমাজের বৈষম্যমূলক আচরণ আর সেই পরিবারে ভাঙন ধরার গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘জলটুঙি’। এটিকে বর্ণবৈষম্যের দেয়াল ভাঙার গল্পও বলা যায়।
আফরিন জেসিকার রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন রহিম সুমন। অভিনয় করেছেন নাজনীন হাসান চুমকি, দিলারা জামান, হামিদুর রহমান, ঈষিকা সাকিন, অভি প্রামাণিক, ইমামুর রশীদ খান, রতন সিদ্দিকীসহ অনেকে।
চিত্রনাট্যে দেখা যাবে, শ্যামবর্ণ, স্পষ্টবাদী ও আত্মবিশ্বাসী এক নারী জয়াকে। স্বামী আসিফ ও মেয়ে টুসিকে নিয়ে তার সংসার ভালোই চলছিল। কিন্তু আসিফের বন্ধুবান্ধব ও আত্মীয়দের কটূক্তি সেই শান্ত জীবনে ফাটল ধরায়। তারা জয়ার গায়ের রঙ নিয়ে হাসি ঠাট্টা করতেন। ধীরে ধীরে বিষয়টি আসিফের মনে প্রভাব ফেলে; নিজের অজান্তেই তিনি দূরে সরে যেতে থাকেন জয়ার কাছ থেকে। সে দূরত্ব শেষ পর্যন্ত আলাদা করে দেয় জয়া–আসিফকে। আর এই বিচ্ছেদে সবচেয়ে বেশি বঞ্চিত হয় তাদের মেয়ে টুসি। মায়ের স্নেহ ছাড়াই তার কেটে যায় ১৩টি বছর। এগিয়ে যায় গল্পের গতি।
অনিন্দ্য-এর ব্যানারে তৈরি এই টেলিছবির ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে দৃশ্যধারণ। ২৯ জানুয়ারি রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হবে এটি।