অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে তরুণ অভিনেত্রী শানায়া কাপুর আজকাল বেশ ব্যস্ত তার নতুন ছবি ‘তু ইয়া ম্যায়’-এর প্রচারণা নিয়ে। আর সেই প্রচারণার মাঝেই সামনে এলো শৈশবের এক চমকপ্রদ ও খানিকটা ‘পেইনফুল’ স্মৃতি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শানায়া একটি ভয়েস নোট পান তার ঘনিষ্ঠ বন্ধু সুহানা খানের কাছ থেকে। সেখানে শাহরুখ-কন্যা মজা করে মনে করিয়ে দেন তাদের ছোটবেলার এক দুঃসাহসিক ঘটনার কথা। যার নেপথ্যে ছিলেন খানপুত্র আরিয়ান।
সুহানা বলেন, ‘বিশ্বাসই করতে পারছি না, এই সেই মেয়ে (শানায়া) যে আমার সঙ্গে একটা খাড়া সিঁড়ি দিয়ে শুধু একটা কম্বল জড়িয়ে গড়িয়ে পড়েছিল! তাও সেটা অন্যের পরিকল্পনার ফাঁদে পা দিয়ে! যা আসলে মোটেও ভালো ছিল না! ভাবতেই অবাক লাগে আমরা কীভাবে বেঁচে গিয়েছিলাম সেদিন। তবে মনে হচ্ছে এই ছবিতে (তু ইয়া ম্যায়) তুমি (শানায়া) তার চেয়েও বেশি পাগলামি করেছ।’
এরপর শানায়া পুরো ঘটনাটি ব্যাখ্যা করেন। মানে সুহানা আসলে কোন ঘটনার কথা মনে করিয়ে দিলেন, সেটা।
শানায়ার ভাষায়, “আমাদের সত্যি সত্যিই সিঁড়ি থেকে ঠেলে ফেলা হয়েছিল। এটা ছিল আরিয়ানের বানানো একটা ‘রোলারকোস্টার রাইড’ পরিকল্পনা। সে সব সময় আমাদের দুজনকে জ্বালাতো। আমরা আবার ওর কথা শুনতামও!”
‘রোলারকোস্টার রাইড’ পরিকল্পনা সম্পর্কে আরও বিস্তারিত বললেন তিনি। ‘সে (আরিয়ান) আমাদের বলেছিল, হেলমেট পরে কম্বলের ভেতরে ঢুকে যেতে। তারপর এক ধাক্কা দিলেই মনে হবে ম্যাজিক কার্পেটে উড়ছি! আমরা তো ভেবেই নিয়েছিলাম—থিম পার্কে যাওয়ার দরকার নেই!’
তবে বাস্তবে অভিজ্ঞতাটা মোটেও সুখকর ছিল না। ‘শেষটা ভালো হয়নি, খুবই ব্যথা পেয়েছিলাম। ভাগ্য ভালো, বড় ধরনের চোট লাগেনি’, বলেন শানায়া।
বলা দরকার, ‘তু ইয়া ম্যায়’ ছবিতে শানায়া কাপুর অভিনয় করেছেন ‘মিস ভ্যানিটি’ খ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অবনীর চরিত্রে। তার বিপরীতে রয়েছেন আদর্শ গৌরব, যিনি মারুতি ওরফে ‘আলা ফ্লোপাড়া’ চরিত্রে অভিনয় করেছেন।
ছবির কাহিনি দুই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ঘিরে, যাদের রোমান্টিক অবকাশ যাপন হঠাৎ ভয়ংকর মোড় নেয়—যখন তারা একটি সুইমিং পুলে কুমিরের সঙ্গে আটকা পড়ে!
গত ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।
সূত্র: এনডিটিভি