সাধারণত ঈদ উৎসবে নায়িকাদের মূল চমক থাকে নতুন সিনেমা ঘিরে। সে ক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই সময়ের অন্যতম প্রমাণিত অভিনেত্রী বুবলী। এই ঈদে তার প্রধান উপহার হয়ে আসছে রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’।
এরমধ্যে একেবারে যেন চমকে দেয়ার মতো খবর দিলেন বুবলী। যে খবর সিনেমার খবরকেও ছাপিয়ে যাওয়ার মতো। কারণ, এই ঈদে তিনি অভিষিক্ত হচ্ছে গায়িকা হিসেবে। তাও আবার দেশের প্রধান ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চে!
আপনারা জানেন, ‘ইত্যাদি’র মঞ্চে গায়িকা হিসেবে অভিষেক মানে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যাওয়া। যেমন নজির সর্বশেষ সৃষ্টি হয়েছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের মাধ্যমে। যিনি এক গানেই সুপার হিট।
সেই ধারাবাহিকতায়, এবারের ঈদ ‘ইত্যাদি’র মূল চমক হয়ে হাজির হচ্ছেন গায়িকা বুবলী। এমনটাই নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির কর্তা হানিফ সংকেত।
এতে বুবলীর সঙ্গে কণ্ঠ মেলাবেন ইমরান মাহমুদুল। পেশাদার সংগীতশিল্পী না হয়েও পেশাদার শিল্পী ইমরানের সঙ্গে খুব চমৎকারভাবে গানটি গেয়েছেন বুবলী। এমটাই জানালো ‘ইত্যাদি’-পক্ষ। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।
প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর।