পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন

পিতার পথেই হেঁটেছেন, হয়েছেন নির্মাতা। বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ-এর সৃজনকর্ম নিয়ে এবার কথা বলবেন তারই সন্তান চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আগামীকাল অনুষ্ঠিত হুমায়ূন আহমেদ স্মরণ সেমিনারে বিশেষ আলোচক হিসেবে অংশ নেবেন নুহাশ হুমায়ূন। তিনি তাঁর পিতার গল্প বলার ভাষা, চলচ্চিত্র নির্মাণশৈলী এবং সৃজনদর্শন নিয়ে আলোচনা করবেন।

নুহাশ হুমায়ূন বাংলাদেশের সমসাময়িক তরুণ চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একজন স্বতন্ত্র কণ্ঠস্বর। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ডিজিটাল কনটেন্টে কাজ করে তিনি পরিচিতি পেয়েছেন মূলত ভিন্নধর্মী ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের জন্য। তার কাজের ভেতর লোককথা, মনস্তাত্ত্বিক টানাপোড়েন ও অতিপ্রাকৃত উপাদানের মিশ্রণ দেখা যায়, যেখানে হরর ও ফ্যান্টাসি ঘরানায় তিনি নতুন বর্ণনাভাষা নির্মাণের চেষ্টা করেন।

জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের ধারাবাহিক কর্মসূচির সমাপনী পর্ব হিসেবে আগামী ৫ জুন ২০২৬ শুক্রবার জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের অংশ হিসেবে বিকাল ৪টায় প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘শ্রাবণ মেঘের দিন’। এরপর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে সেমিনার—‘চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ: নির্মাণশৈলী ও শিল্পদর্শন।’

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন ড. শাহাদাৎ রুমন, চলচ্চিত্র গবেষক ও সমালোচক। মুখ্য আলোচক হিসেবে থাকবেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক অধ্যাপক ড. মতিন রহমান। বিশেষ আলোচক হিসেবে অংশ নেবেন নুহাশ হুমায়ূন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মিজানুর রহমান।

সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। এ সময় হুমায়ূন আহমেদ রচিত গান পরিবেশিত হবে।

রাত ৮টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’। সমগ্র অনুষ্ঠানমালা সকলের জন্য উন্মুক্ত থাকবে।