ওটিটিতে মুক্তি পেলো অবিনাশ-মেধার রোমান্টিক কমেডি ‘গিনি ওয়েডস সানি ২’

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল বলিউড সিনেমা ‘গিনি ওয়েডস সানি ২’। অবিনাশ তিওয়ারি ও মেধা শঙ্কর অভিনীত এই রোমান্টিক-কমেডি সিনেমাটি সোমবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ-এ স্ট্রিমিং শুরু হয়েছে। চলতি বছরের ২৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তির পর যারা সিনেমাটি বড় পর্দায় দেখতে পারেননি, তারা এখন ঘরে বসেই এটি উপভোগ করতে পারবেন।

২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ইয়ামি গৌতম ও বিক্রান্ত ম্যাসি অভিনীত ‘গিনি ওয়েডস সানি’র সিক্যুয়েল এটি। তবে প্রথম কিস্তির সাফল্যের পর এবার একবারে নতুন অভিনয়শিল্পী, নতুন পরিচালক ও সম্পূর্ণ নতুন গল্প নিয়ে হাজির হয়েছে এই পর্ব।

আগের সিনেমার সাথে এবারের সিক্যুয়েলের মূল পার্থক্য মূলত এর কাস্ট ও গল্পে। প্রথম কিস্তিতে যেখানে বিয়ের আগের মান-অভিমান ও পারিবারিক নাটকীয়তা ছিল মূল উপজীব্য, এবার প্রশান্ত ঝা-এর পরিচালনায় গল্পটি আবর্তিত হয়েছে বিয়ের পরের জটিলতা নিয়ে। সিনেমায় দেখা যায়, সম্পূর্ণ ভিন্ন দুই মানসিকতার মানুষ নিজেদের আসল পরিচয় ও পেশা গোপন করে তাড়াহুড়ো করে পারিবারিকভাবে বিয়ে করে। বিয়ের পরপরই যখন সত্য সামনে আসে, তখন সম্পর্ক ভাঙনের মুখে পড়ে। প্রথমটি সরাসরি ওটিটিতে এলেও, এবারেরটি প্রেক্ষাগৃহ ঘুরে ওটিটির পর্দায় এলো।

সাউন্ডরিয়া প্রোডাকশনের ব্যানারে বিনোদ বাচ্চন প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন নবজ্যোত গুলাটি ও সুমিত অরোরা। ছবিতে অবিনাশ-মেধা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুধীর পান্ডে, লিলিট দুবে, গোবিন্দ নামদেব ও গোপী ভাল্লার মতো অভিজ্ঞ তারকারা।