বলিউডডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। সেই থেকে এখনও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। তবে নায়িকা হওয়ার আগে অভিনয়ে আসার কথা কখনও ভাবেননি বলে এক সাক্ষাতকারে জানান অভিনেত্রী।
তার ভাষ্য, ‘চলচ্চিত্র পরিচালকের মেয়ে হয়েও ক্যামেরার সামনে আসার কোনও পরিকল্পনা ছিল না।’
সাক্ষাতকারে নায়িকা হওয়ার আগের সময় নিয়েও তিনি কথা বলেন।
তার কথায়, বিজ্ঞাপনের সেটে কাজ করা, স্টুডিওর মেঝে পরিষ্কার করা, এমনকি শৌচাগারের মেঝে থেকে বমি পরিষ্কার করার মতো কাজও করতে হয়েছে তাকে।
রাভিনা ট্যান্ডনের বাবা রবি ট্যান্ডন ছিলেন পরিচিত চলচ্চিত্র পরিচালক। ফলে বলিউডের পরিবেশ তার কাছে একেবারে অচেনা ছিল না। কিন্তু চলচ্চিত্র পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও অভিনয়ের জগতে প্রবেশের জন্য কোনও বিশেষ সুবিধা পেয়েছিলেন, এমনটা দাবি করেননি অভিনেত্রী। বরং নিজের চেষ্টাতেই ধীরে ধীরে পথ তৈরি করেছেন।
রাভিনা জানিয়েছিলেন, দশম শ্রেণি পাশ করার পর বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কক্করের সঙ্গে কাজ শুরু করেন তিনি। সেখানে ইন্টার্ন হিসেবে নানা ধরনের দায়িত্ব সামলাতে হতো তাকে। স্টুডিয়োর মেঝে পরিষ্কার করা থেকে শুরু করে বিভিন্ন জায়গা পরিষ্কার রাখার কাজও ছিল সেই দায়িত্বের মধ্যে।
রাভিনার মতে, তখনও অভিনেত্রী হওয়ার কথা ভাবেননি তিনি। পর্দার পিছনে কাজ করতেই বেশি আগ্রহী ছিলেন। কিন্তু বিজ্ঞাপনের শুটিংয়ে কোনও মডেল সময়মতো পৌঁছতে না পারলে প্রহ্লাদ তাকেই সাজগোজ করে ক্যামেরার সামনে দাঁড়াতে বলতেন। এ ভাবেই মডেলিংয়ের সঙ্গে পরিচয় হয় তার।
এরপর বারবার বিনা পারিশ্রমিকে ক্যামেরার সামনে দাঁড়ানোর বদলে কাজটিকে পেশা হিসেবে নেওয়ার কথা ভাবেন রাবিনা। নিজের পকেট খরচের জন্য উপার্জনের ভাবনা থেকেই শুরু হয় মডেলিং। আর সেখান থেকেই আসে অভিনয়ের প্রস্তাব।
বড় পর্দার তারকা বলে ওটিটিতে কাজ না করার পরামর্শ, যা বললেন কীর্তি