মুক্তির হাত ছাড়েননি বাপ্পারাজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন অনেক আগেই। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নেন চিত্রনায়ক বাপ্পারাজ। তার সেই সিদ্ধান্তে সবচেয়ে বেশি হতাশ হয়েছিলেন তারই প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। এমনকি গণমাধ্যমে মুক্তি স্বীকারও করেছিলেন, বাপ্পারাজের সরে দাঁড়ানোর খবরে তিনি কেঁদেছিলেন।

শিল্পী সমিতির নির্বাচন: বাপ্পারাজ সরে দাঁড়ানোয় কান্নায় ভেঙে পড়েছিলেন মুক্তি

তবে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেও মুক্তির হাত ছাড়েননি বাপ্পারাজ। মনোনয়নপত্র জমার দিন সোমবার (২২ জুন) এফডিসিতে হাজির হয়ে সেই বার্তাই দিলেন তিনি।

আসন্ন শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে লড়ছেন সিনিয়র ফাইট ডিরেক্টর, অভিনেতা, প্রযোজক ও পরিচালক আরমান। সাধারণ সম্পাদক পদে রয়েছেন রুমানা ইসলাম মুক্তি। আরমান-মুক্তি প্যানেলের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাদের সঙ্গেই দেখা যায় বাপ্পারাজকে।

এফডিসিতে উপস্থিত হয়ে বাপ্পারাজ বলেন, “আমি প্রার্থী না হলেও আমার গড়া প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এসেছি। মুক্তিকে আগেই জানিয়ে রেখেছিলাম যে, তোমাদের সঙ্গে সবসময় আছি। তাই আরমান-মুক্তি প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে এসেছি। ওদের জন্য সবসময় শুভকামনা।”

বাপ্পারাজের এই উপস্থিতিকে ইতিবাচকভাবেই দেখছেন মুক্তি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “শিল্পী সমিতি ২০২৬-২০২৮ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলাম আরমান-মুক্তি প‍্যানেল, আলহামদুলিল্লাহ। বাপ্পারাজ ভাইকে অনেক ধন্যবাদ আমাদের জন্য আজকে শিল্পী সমিতিতে আসার জন্য এবং আমাদের সাথে আরমান-মুক্তি প‍্যানেলের মনোনয়ন জমা দেওয়ার জন্য।”

শিল্পী সমিতির নির্বাচন সামনে রেখে সভাপতি পদে বাপ্পারাজের নাম ঘোষণার পর শিল্পীদের মধ্যে বেশ সাড়া পড়ে। তার সঙ্গে একই প্যানেলে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে মুক্তিও ছিলেন উচ্ছ্বসিত। নির্বাচন ঘিরে নানা পরিকল্পনা, বৈঠক ও আড্ডায় একসঙ্গেই দেখা গেছে তাদের। কিন্তু হঠাৎ করেই প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন বাপ্পারাজ। পরে তার জায়গায় সভাপতি পদপ্রার্থী হিসেবে যুক্ত হন আরমান।

শিল্পীদের অধিকার রক্ষায় একজোট হলেন বাপ্পারাজ ও মুক্তি

তবে প্রার্থিতা না থাকলেও নিজের প্যানেল এবং বিশেষ করে মুক্তির প্রতি সমর্থন যে অটুট রয়েছে, মনোনয়নপত্র জমার দিন এফডিসিতে উপস্থিত হয়ে সেই বার্তাই দিলেন বাপ্পারাজ।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ জুলাই এফডিসিতে।