আন্তর্জাতিক প্রশংসার পর এবার বড়পর্দায় ‘শেকড়’

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়ে এবার দেশের প্রেক্ষাগৃহে আসছে প্রসূন রহমান পরিচালিত চলচ্চিত্র ‘শেকড় (দ্য রুটস)’। মানুষের শিকড়ের টান, দেশ, পরিবার, পরিচয়, স্মৃতি, বিশ্বাস ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি আগামী ৩১ জুলাই সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

নির্মাতা প্রসূন রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, “অসংখ্য মানুষের সৃজনশীল সংযোগ, পরিশ্রম, ভালোবাসা, স্বপ্ন আর বিশ্বাস নিয়ে নির্মিত হয়েছে ‘শেকড়’। অবশেষে ৩১ জুলাই ছবিটি দেশের দর্শকদের সামনে আসছে। দীর্ঘ এই যাত্রায় যারা শুরু থেকেই আমাদের পাশে ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।”

তিনি জানান, চলচ্চিত্রটি প্রথমবার আন্তর্জাতিক দর্শকের সামনে আসে কানাডার টরন্টোয় অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্রিমিয়ারের মাধ্যমে। এবার আনুষ্ঠানিকভাবে দেশের দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হচ্ছে।

দেশে মুক্তির পর ছবিটির আন্তর্জাতিক প্রদর্শনীও শুরু হবে। আগামী ৯ আগস্ট কানাডার চারটি শহরে মুক্তি পাবে ‘শেকড়’। এরপর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশেও স্প্যানিশ ভাষায় ডাবিং সংস্করণ মুক্তি পাবে। এরই মধ্যে স্প্যানিশ ডাবিংয়ের কাজ শেষ হয়েছে। ছবিটির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে ডিমান্ড ফিল্ম। আর দক্ষিণ আমেরিকায় পরিবেশনার দায়িত্ব নিয়েছে মেক্সিকোভিত্তিক একটি প্রতিষ্ঠান।

মানুষ ও মাটির চিরন্তন সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ‘শেকড়’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, এফএস নাঈম, আইশা খান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত, রওনক রিপন, মাহবুবুর রহমান, ফাতেমাতুজ জোহরা ইভা এবং শিশু শিল্পী মুনতাহা এমেলিয়া। এছাড়া দুটি বিশেষ চরিত্রে রয়েছেন হামিদুর রহমান ও লুবিংকা স্টোজানোভিক।

চলচ্চিত্রের দৃশ্যে দিলারা জামান, এফএস নাইম ও শিশুশিল্পী মুনতাহা
চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন সাহিল রনি, সম্পাদনায় মাহফুজুল হক আশিক, শিল্প নির্দেশনায় তারেক বাবুল এবং সংগীত পরিচালনায় রোকন ইমন। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রসূন রহমান। প্রযোজনা করেছে ইমেশন ক্রিয়েটর।