চলতি বছরের জানুয়ারিতে প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন বলিউড গায়ক অরিজিৎ সিং। তবে আবার ফিরছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ইঙ্গিত দিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘আস্ক মি এনিথিং’ সেশনে শাহরুখ সে ইঙ্গিত দিয়েছেন।
বলিউড বাদশার ‘কিং’-এর গানে শোনা যাবে অরিজিতের কণ্ঠ । ‘আস্ক মি এনিথিং’ সেশনে এক ভক্ত শাহরুখকে ‘কিং’-এর একটি গান প্রকাশ করার অনুরোধ করেন। জবাবে শাহরুখ বলেন, ‘করে দিতাম। এখন অরিজিৎ দাদাকে ফাইনাল টাচ দিতে হবে। তিনি একজন পারফেকশনিস্ট, তাই স্বাভাবিকভাবেই একটু সময় নিচ্ছেন।’
অরিজিৎ ও শাহরুখ জুটি এর আগেও দর্শকদের বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন। ২০১৭ সালে শাহরুখ অভিনীত ‘রইস’ সিনেমায় অরিজিতের কণ্ঠে ‘জালিমা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
গানটি প্রকাশের সময় শাহরুখের প্রশংসা করে অরিজিৎ বলেছিলেন, ‘এসআরকের শরীরে রোমান্স মিশে আছে। পুরো পৃথিবীতে শাহরুখ খানের মতো রোমান্স আর কেউ করতে পারে না।’
অরিজিতের সেই মন্তব্যের জবাবে শাহরুখ বলেছিলেন, ‘তুমি এমনভাবেই গান গাও যে ভালোবাসা নিজে থেকেই বেরিয়ে আসে।’
এদিকে ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন, সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি ও রাঘব জুয়াল।
গত বছরের নভেম্বরে সিনেমাটির টাইটেল রিভিল ভিডিও প্রকাশ করা হয়। সেখানে শাহরুখকে শক্তিশালী লুকে দেখা যায়। ভিডিওতে তার মুখে শোনা যায়, ‘সৌ দেশোঁ মে বদনাম, দুনিয়া নে দিয়া সির্ফ এক হি নাম—কিং।’
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

নায়ক হবার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন






