কসমেটিক সার্জারি নারীদের জন্য একটি ফাঁদ বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নারী তারকাদের সৌন্দর্যচর্চা ও কসমেটিক সার্জারি নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
দিয়ার কথায়, ‘এটা ভয়ঙ্কর। এখন অনেক নারী কসমেটিক সার্জারির প্রতি আগ্রহী হয়ে উঠছেন। কিন্তু বিষয়টি আরও উদ্বেগজনক, কারণ এই ইন্ডাস্ট্রির চালিকাশক্তি মূলত পুরুষরা। তাদের তৈরি করা এই ব্যবস্থার ভিত্তিই হলো মানুষের অনিরাপত্তা ও ভয়।’
তিনি আরও বলেন, ‘যখন কোনও নারী নিজের স্বাভাবিক বৈশিষ্ট্যকে অস্বীকার করে ভাবতে শুরু করেন যে কসমেটিক সার্জারির মাধ্যমে তাকে আরও সুন্দর হতে হবে, তখন সেটাই একটি ফাঁদ। এতে তারা নিজেদের প্রকৃত সত্তাকে গ্রহণ করতে পারেন না।’
সাক্ষাৎকারে দিয়া জানান, ক্যারিয়ারের শুরু থেকেই তাকে নিজের চেহারা বদলানোর পরামর্শ দেওয়া হতো। কখনও ঠোঁটে ফিলার করানোর কথা বলা হয়েছে, কখনও আবার স্তনের আকার বড় করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এসব মন্তব্য কোনও নারীর কাছ থেকে নয়, বরং পুরুষদের কাছ থেকেই এসেছে বলে দাবি করেছেন অভিনেত্রী।
দিয়ার ভাষ্য, ক্যারিয়ারের শুরু থেকেই তাকে বয়স ও চেহারা নিয়ে নানা মন্তব্য শুনতে হয়েছে।
তিনি বলেন, ‘আমাকে বারবার বলা হয়েছে, আমার শরীরে কী পরিবর্তন করা উচিত, কী করলে আমাকে আরও সুন্দর দেখাবে। কিন্তু এসব কথা কোনও নারী বলেননি। কোনও মহিলা কখনও এসে আমাকে বলেননি, “তোমার ঠোঁট পাতলা, ফিলার করাও” বা “তোমার স্তন ছোট, বড় করাও।” এই ধরনের মন্তব্য সবসময় পুরুষদের কাছ থেকেই এসেছে। এটাই সত্যি।’