‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ ক্রিস্টোফার নোলান, করলেন সত্যজিৎ রায়ের বন্দনা

হলিউডের খ্যাতিমান নির্মাতা ক্রিস্টোফার নোলান কিংবদন্তি সত্যজিৎ রায়কে ভারতের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা হিসেবে আখ্যায়িত করেছেন। একইসঙ্গে তার কালজয়ী চলচ্চিত্র পথের পাঁচালী সম্পর্কে নোলান বলেছেন, ছবিটি তাকে ‘বিস্মিত’ করেছে।

সম্প্রতি নিউইয়র্কে একটি চলচ্চিত্র সংরক্ষণাগারের বিশেষ সংগ্রহ পরিদর্শনের সময় নিজের পছন্দের চলচ্চিত্রগুলোর কথা বলতে গিয়ে সত্যজিৎ রায়ের ‘অপুর ত্রয়ী’র কথা উল্লেখ করেন নোলান।

তিনি বলেন, ‘সত্যজিৎ রায়ের অপুর ত্রয়ী রয়েছে। তিনি ভারতের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা। এই ত্রয়ীর শুরু পথের পাঁচালী দিয়ে। এটি অসাধারণ একটি চলচ্চিত্র। ছবিটি আমাকে সত্যিই বিস্মিত করেছে। এখনও দ্বিতীয় ও তৃতীয় চলচ্চিত্র দেখা হয়নি। তাই পুরো গল্পটি দেখার জন্য আমি ভীষণ আগ্রহী।’

পথের পাঁচালী অবলম্বনে নির্মিত ‘অপুর ত্রয়ী’র তিনটি চলচ্চিত্র হলো পথের পাঁচালী (১৯৫৫), অপরাজিত (১৯৫৬) এবং অপুর সংসার (১৯৫৯)। গ্রামবাংলার এক দরিদ্র শিশুর শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত এই তিনটি চলচ্চিত্র বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা সৃষ্টি হিসেবে বিবেচিত হয়।

সংগ্রহশালা পরিদর্শনের সময় নোলান আরও কয়েকটি চলচ্চিত্রের সংকলন সংগ্রহ করেন। এ সময় তিনি জানান, বিখ্যাত নির্মাতা মার্টিন স্করসেজি-এর একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তিনি আগে দেখেছেন। তবে তার অন্যান্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এখনও দেখা হয়নি এবং সেগুলো দেখার অপেক্ষায় আছেন।