ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল

সামাজিক যোগাযোগমাধ্যম আসার আগে ইন্ডাস্ট্রিতে নারীদের জন্য সময়টা কঠিন ছিল বলে মন্তব্য করলেন বলিউড গায়িকা শ্রেয়া ঘোষাল। সম্প্রতি ‘হটরফ্লাই’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এ সময় গায়িকা ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে বলেও দাবি করেন।

তবে দীর্ঘ ক্যারিয়ারে কাস্টিং কাউচ কিংবা এ ধরনের কোনও অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি বলে সাক্ষাৎকারে জানান তিনি।

শ্রেয়া বলেন, ‘এখন সময় কিছুটা ভালো। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম আসার আগে ইন্ডাস্ট্রিতে নারীদের জন্য সময়টা কঠিন ছিল। আমি খুব অল্প বয়সে কাজ শুরু করেছিলাম। তাই বাবা-মা সব সময় আমার সঙ্গে বিভিন্ন জায়গায় যেতেন। ফলে কেউ কিছু বলতে চাইলেও সাহস করতো না।’

এ সময় ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিকের ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য নিয়েও কথা বলেন শ্রেয়া। তার মতে, বিষয়টি শুধু লিঙ্গভিত্তিক নয়; পুরুষ শিল্পীরাও অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হন।

শ্রেয়া বলেন, ‘এটা শুধু নারী-পুরুষের বিষয় নয়। ছেলেরাও এর মুখোমুখি হয়। ক্যারিয়ারের শুরুর দিকে আমি অনেক গান বিনা পারিশ্রমিকেও গেয়েছি। এ নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। যেমন বলা হয়, অরিজিৎ সিং এত টাকা পারিশ্রমিক নেন—কিন্তু বিষয়টি পুরোপুরি এমন নয়।’

তিনি আরও বলেন, ‘এখন ইন্ডাস্ট্রির সব ভালো গায়ক-গায়িকাই অনেক কাজ বিনা পারিশ্রমিকে করেন। আবার কোনও কাজের ক্ষেত্রে যথাযথ পারিশ্রমিক দাবি করার সুযোগ থাকলে তারা বড় অঙ্কের পারিশ্রমিকও নেন।’

প্রসঙ্গত, সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমার মাধ্যমে বলিউডে প্লেব্যাক গায়িকা হিসেবে অভিষেক হয় শ্রেয়া ঘোষালের। সিনেমাটিতে ঐশ্বরিয়া রাই ও শাহরুখ খান অভিনয় করেছিলেন। তার প্রথম আনুষ্ঠানিক বলিউড গান ছিল ‘বৈরী পিয়া’।