আগামী ২৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস’। এবারের অনুষ্ঠানে হলিউড গায়িকা টেইলর সুইফটকে প্রথমবারের মতো ‘আর্টিস্ট ডিরেক্টর অনার্স’ সম্মাননায় ভূষিত করা হবে। এ ছাড়া তিনি অনুষ্ঠানে নয়টি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
তবে তার আগেই নতুন আরও একটি খবর দিলেন টেইলর সুইফট। আগামী ২৫ সেপ্টেম্বর তিনি প্রকাশ করবেন নতুন গান ‘পেশেন্ট জিরো’।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নতুন গানটির খবর জানান টেইলর সুইফট। নিজের নতুন একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আপনাদের জানাতে যে আমার একেবারে নতুন একক গান ‘পেশেন্ট জিরো’ ২৫ সেপ্টেম্বর মুক্তি পাবে।’
টেইলর সুইফটের ওয়েবসাইটে গানটির প্রি-অর্ডারও শুরু হয়েছে। ভক্তদের জন্য গানটির অ্যাকুস্টিক ও পিয়ানো সংস্করণও থাকছে। বিকল্প সংস্করণগুলোর প্রচ্ছদও আলাদা। পিয়ানো সংস্করণের প্রচ্ছদে টেইলরকে আংটি পরা অবস্থায় পোজ দিতে দেখা গেছে।
টেইলর সুইফটের ব্যক্তিজীবন ও সংগীতজীবনে নতুন অধ্যায়ের মধ্যেই গানটি আসছে। গত ৩ জুলাই নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে বিয়ে করেন তিনি। বিয়েতে প্রায় এক হাজার অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজেদের লেখা শপথনামাসহ ব্যক্তিগত নানা আয়োজন ছিল। বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা করেন অভিনেতা অ্যাডাম স্যান্ডলার।
‘পেশেন্ট জিরো’ গানটি টেলর সুইফটের ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামের পর আসছে। ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত অ্যালবামটি বিলবোর্ড ২০০-এর শীর্ষে ১২ সপ্তাহ অবস্থান করে।