অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর ৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা আপ্তে

পর্দায় অন্তরঙ্গ দৃশ্য এখন আর নতুন কিছু নয়। তবে সেই দৃশ্য অভিনেত্রীর অনুমতি ছাড়াই ছড়িয়ে পড়লে কতটা ভয়াবহ হতে পারে, সেই অভিজ্ঞতা রয়েছে বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের। একটি ছবির অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার পর টানা চার দিন বাড়ি থেকে বের হতে পারেননি তিনি। শুধু অস্বস্তি নয়, নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন নায়িকা।

সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’-এ অভিনয় করেছেন রাধিকা। সিরিজটির অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে কথা বলতে গিয়ে পুরনো সেই অভিজ্ঞতার কথা জানান তিনি। 

তার দাবি, ফাঁস হওয়া ক্লিপটি ধীরে ধীরে তার ব্যক্তিগত পরিসরেও পৌঁছে গিয়েছিল। এমনকি অচেনা কেউ বাড়ির সামনে হাজির হতে পারেন; এই আশঙ্কাও তৈরি হয়েছিল।

রাধিকা জানান, তার রূপটান শিল্পীর গাড়িচালকও ওই ক্লিপ দেখছিলেন এবং তার বাড়ির নিরাপত্তারক্ষীর কাছেও ভিডিওটি পৌঁছে যায়।

সেই সময় একা একটি ফ্ল্যাটে থাকতেন রাধিকা। নিরাপত্তার কথা ভেবে নিজের টিমের সদস্যদের সঙ্গেও বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলতে হয়েছিল তাকে। গাড়িচালক ও স্পটবয়কে ডেকে জানান, তারা যদি ওই দৃশ্য দেখার পরও স্বচ্ছন্দ থাকেন এবং তাকে নিরাপত্তা দিতে পারেন, তবেই যেন কাজ করেন। দুজনেই তাকে পাশে থাকার আশ্বাস দেন।

রাধিকার কথায়, ‘আমি খুব ভয় পেয়েছিলাম। অন্তরঙ্গ দৃশ্যের ক্ষেত্রে অভিনেতার সম্মতি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যামেরার সামনে কোনও দৃশ্যে সম্মতি দেওয়া এবং সেই দৃশ্য অনুমতি ছাড়া ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি সামলানো; দুটি সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা।’