কৃষ্ণবর্ণদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, বিজয়ীরা হবেন ‘বিশ্ব রঙের’ মডেল

কৃষ্ণবর্ণদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন কৃষ্ণবর্ণ মডেল অডিশন শুরু করেছে ‘বিশ্ব রঙ’। এর মধ্যে শনিবার (২৪ অক্টোবর) ছিল কৃষ্ণবর্ণ মডেলদের জন্য প্রথম অডিশন রাউন্ড। গান, গল্প ও আড্ডার মধ্য দিয়ে এটি শেষ হয়েছে।

বিশ্ব রঙ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, যারা দ্বিতীয় অডিশনে অংশগ্রহণ করতে চায় তাদের জন্য এখনও সময় আছে। আগামী মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় অডিশন অনুষ্ঠিত হবে।

আয়োজনটি সমন্বয় করছেন বিপ্লব সাহা ও তার টিম। তিনি বলেন, ‘আমাদের এখানে অনেক ধরণের অডিশন হয়। এটি সেগুলো থেকে একটু ব্যতিক্রম বলা চলে। আমাদের সমাজে জন্মের পরেই একটা শিশুকে সুন্দর ও কালোর মধ্যে দিয়ে দেখা হয়। এর ফলে বড় হওয়ার পর কালোদের অনেকেই হীনম্মন্যতায় ভোগে। আমরা তাদের নিয়েই কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘সামনে শ্যামাপূজা। এই পূজা শুভ শক্তির জন্য সবাইকে জাগিয়ে তোলে। আমরা সে সময় অডিশন থেকে বিজয়ীদের বিশ্ব রঙের মডেল হিসেবে তুলে ধরতে চাই।’

বিপ্লব সাহা জানান, ফাইনাল অডিশনে দেশের বিভিন্ন অঙ্গনের প্রতিষ্ঠিত কয়েকজন গুনী মানুষ থাকবেন।