অভিমান ভুলে তিন বছর পর আবার একসঙ্গে কাজ শুরু করলেন জনপ্রিয় অভিনেতা জোভান ও তাসনিয়া ফারিণ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘প্রাণ সখিয়া’ নাটক দিয়ে ফিরলেন তারা।
এর আগে একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে দূরত্ব তৈরি হয়েছিল জোভান ও তাসনিয়া ফারিণের। তিন বছরের বেশি সময় পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাদের।
২০২৩ সালে নাম প্রকাশ না করে ফারিণের উদ্দেশে এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন জোভান। সেখানে তিনি লেখেন, ওয়েব প্ল্যাটফর্মে যারা কাজ করেন, তাদের অনেকে টিভি নাটককে অবজ্ঞার চোখে দেখেন। সে সময় মূলত ‘জানেমান তুই আমার’ নাটকের প্রচার না চালানোয় ফারিণের বিরুদ্ধে এমন কথা বলেন তিনি।
ওই সময় জোভান ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, জানেমান তুই আমার নাটক মুক্তি পেলেও অভিনেত্রীর কোনও খোঁজ নেই। অথচ তিনি তার ওটিটির কাজ নিয়ে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে যাচ্ছেন।
জোভানের এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করে ফারিণ জানিয়েছিলেন, নাটক দিয়েই তার ক্যারিয়ার শুরু, তাই নাটককে তিনি কখনও ছোট করে দেখেন না।
এ নিয়ে দুজনের বাদানুবাদ বেশি দূর না গড়ালেও এর পর থেকে চলছিল জোভান-ফারিণের অভিমান। অনেক দিন একসঙ্গে করেননি কোনও কাজ। অবশেষে সেই অভিমান ভাঙলো।
সম্প্রতি শুরু হয়েছে প্রাণ সখিয়া নাটকের শুটিং। শুটিং ইউনিট থেকে জোভান ও ফারিণের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নতুন এই নাটকের খবর জানান নির্মাতা রাজ।
শুধু জোভানের সঙ্গেই যে অনেক দিন পর অভিনয় করছেন ফারিণ, তা-ই নয়; এই নাটক দিয়ে দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরলেন তিনি।
ওয়েব কনটেন্ট এবং সিনেমায় নাম লেখানোর পর নাটকে আর দেখা মিলছিল না তার। সর্বশেষ গত রোজার ঈদে শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেন ফারিণ।