বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিলো, যুক্তরাজ্য প্রবাসী উদ্যোক্তা কবির বাহিয়ার সাথে সম্পর্কে আছেন কৃতি শ্যানন। এর মাঝেই সম্প্রতি নায়িকাকে কবিরের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছে।
এই ছবি প্রকাশ্যে আসতেই সবাই দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন। কারণ, কৃতি এখনও নিজের মুখে স্বীকার করেননি যে, তিনি প্রেম করছেন। কিন্তু কবিরের সাথে অতিরিক্ত মেলামেশা, এখানে-সেখানে সময় কাটাতে দেখে মুখরোচক গল্প তৈরি হয়েছে বলিউড পাড়ায়। এবার কবিরের পারিবারিক অনুষ্ঠানে কৃতিকে অংশগ্রহণ করতে দেখে সবার সন্দেহই বোধ হয় সত্যি হতে চলেছে। তাহলে গুঞ্জন কি সত্যি হতে চলেছে যে, কৃতি ও কবির বিয়ে করেছেন গোপনে!
ছবিতে কৃতির পরনে ছিলো একটি কড়া গোলাপি রঙের শাড়ি। তিনি কবিরের আত্মীয়দের সঙ্গে আড্ডায় মেতে ছিলেন। একই অনুষ্ঠানে ক্রিকেটার ধোনি ও সাক্ষী দম্পতির সঙ্গে আরেটি ছবিতে দেখা যায় কৃতিকে। অভিনেত্রীকে খুব হাসিখুশি দেখাচ্ছিলো। কৃতির ভক্তরা আশা করছেন, ২০২৫ সালে হয়তো তাদের বিয়ের বাজনা বাজবে।
বিয়ের অনুষ্ঠানের যে ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে স্টাইলিশ ভারতীয় পোশাকে নজর কেড়েছেন অভিনেত্রী। সব মিলিয়ে কৃতিকে দারুণ দেখাচ্ছিলো। সেই সাথে বিয়েতে অভিনেত্রীর উপস্থিতি আবারও কবিরের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনকে উস্কে দিয়েছে। কিন্তু কৃতি বা কবির কেউই তাদের সম্পর্কে সিলমোহর দেননি। তবে তাদের বাড়তে থাকা ঘনিষ্ঠতা এখন হরদম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া