বিপাশা বসু ও করণ সিং গ্রোভার অভিনীত ওয়েব সিরিজ ‘ডেঞ্জারাস’ দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন সংগীতশিল্পী মিকা সিং। তবে মিকা জানিয়েছেন, অভিজ্ঞতাটি মোটেও সুখকর হয়নি তার জন্য। বরং এটি ছিল খুবই বাজে।
সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে মিকা জানান, ওয়েবটিতে কাজ করতে গিয়ে তার অদ্ভুত কিছু অভিজ্ঞতা হয়েছে যাকে তিনি বলেছেন ‘ভয়ঙ্কর অভিজ্ঞতা’।
প্রথমদিকে গ্রোভারের বিপরীতে একটি নতুন মুখ কাস্ট করার পরিকল্পনা ছিলো মিকার। শেষ পর্যন্ত বিপাশাকে কাস্ট করেন তিনি।
তিনি বলেন, ‘তারা বিবাহিত, তাই আমি তাদের জন্য একটি সিঙ্গেল রুম বুক করেছিলাম। কিন্তু তারা জানায়, তাদের আলাদা আলাদা রুম লাগবে। আমি তাদের এই যুক্তি বুঝতে পারিনি।’
শুটিং শুরু করার আগে বিপাশা ও করণ যে চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তাতে একটি চুম্বন দৃশ্যের উল্লেখ ছিল। কিন্তু শুটিংয়ের দিন তারা তা করতে রাজি হননি বলে জানান মিকা।
উল্লেখ্য, ‘ডেঞ্জারাস’ ওয়েবটি ২০২০ সালে ওটিটি প্ল্যাটফর্ম ‘এম এস প্লেয়ার’-এ মুক্তি পায়।
সুত্র: এনডি টিভি