মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে পেশিতে চোট পেয়েছেন শাহরুখ খান, চিকিৎসার জন্য গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, ৫ জুলাই এমন খবরই উঠে আসে ভারতের সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামায়।
তবে এবার জানা গেল খবরটি ছিল গুজব! কোনও চোট নয়,বরং শাহরুখ আমেরিকা গিয়েছেন নিয়মিত চিকিৎসার প্রয়োজনে।
এই খবর শুনে স্বস্তির নিশ্বাস ফেলতে পারেন শাহরুখ ভক্তরা। পেশিতে চোট, সেইসাথে এক মাস কাজ থেকে বিরতি, সবমিলিয়ে শাহরুখ ভক্তরা চিন্তায় পড়ে গিয়েছিলেন। সবাই তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমত এই বিষয়টি নিয়েই চর্চা হয়েছে।
তবে একেবারেই যদি কিছু না হয়ে থাকে, তাহলে কেন হঠাৎ শুটিং ফেলে শাহরুখ গেলেন যুক্তরাষ্ট্রে, বলিউডে আবার চলছে এই নিয়ে চর্চা। অনেকে এমনও ইঙ্গিত দিচ্ছেন, মেয়ের প্রথম সিনেমার প্রচারের স্বার্থেই কি বাবাকে নিয়ে গুজব ছড়ানো হলো?
শাহরুখের বিদেশে ভ্রমণ বা চিকিৎসা নেওয়া নতুন কিছু নয়। অতীতেও বিভিন্ন শুটিংয়ের সময় আঘাত পেয়েছেন যা মাঝেমাঝেই মাথাচাড়া দিয়ে ওঠে। চিকিৎসা ও বিশেষ যত্নের জন্য তিনি প্রায়ই আমেরিকায় যান। জানা গেছে, তিনি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে আমেরিকা চলে গেছেন এবং মাসের শেষের দিকে ফিরে আসবেন। একই কারণে ছবির শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে।
এর আগেও, একটি শুটিংয়ের সময় তার নাকে আঘাত লেগেছে বলে খবর পাওয়া গিয়েছিল। কিন্তু এটি একটি ছোটখাটো নাকের অস্ত্রোপচার ছিল, শুটিংয়ের কারণে আঘাত নয়। এখন পর্যন্ত শাহরুখ খান বা তার টিমের কেউই এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।
বলা প্রয়োজন, সিদ্ধার্থ আনন্দ নির্মিত ‘কিং’ সিনেমায় প্রথমবারের মতো শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খান একসঙ্গে অভিনয় করছেন। তাই সিনেপ্রেমী এবং দর্শকদের আগ্রহ প্রচুর। এছাড়াও আছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জী, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সিসহ অনেকে।
সূত্র: এনডিটিভি