আরিয়ান খান। তিনি শাহরুখ পুত্র। বাবার ছায়াতেই এতদিন বেড়ে উঠেছেন। অভিনেতা হওয়ার বদলে বেছে নিয়েছেন ক্যামেরার পেছনে কাজ করার ব্রত। তবে প্রথবারের মতো যখন তার কণ্ঠ সবাই শুনলেন, তার শারীরিক ভাষা দেখলেন। যেন অবিকল তরুণ শাহরুখ।
প্রথমবার পিতা-পুত্র একমঞ্চে। ছেলে আরিয়ান খানের প্রথমবার পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে হাতেখড়ি হলো। ২০ আগস্ট সন্ধ্যা তাই হয়ে উঠল বিশেষ। শাহরুখ-আরিয়ানের সেই ব্লকবাস্টার মুহূর্তদের সাক্ষী থাকল বলিউড। ছেলের জন্য কিং খান কখনও সাংবাদিকদের কাছে আশীর্বাদ চাইলেন, আবার কখনও বা তাদের কাছে তুলে ধরলেন ‘পরিশ্রমী’ আরিয়ানের গল্প।
মঞ্চের এক কোণে দাঁড়িয়ে ছিলেন শাহরুখ। আরিয়ান বলতে শুরু করেন, ‘আমি টানা আমার কথাগুলো অনুশীলন করেছি। কিন্তু আমি এত নার্ভাস যে, আমি কথাগুলো লিখে এনেছি এবং যদি ইলেট্রিসিটি চলে যায় তাই আমি পকেটে একটা টর্চও এনেছি। তারপরও যদি ভুল হয়ে যায়, তাহলে তো পাপা আছেই! এত কিছুর পরেও যদি ভুল করি, তাহলে আমাকে ক্ষমা করে দিন, এটাই আমার প্রথমবার।’
এদিন ভাঙা হাতেই ছেলে আরিয়ানের বলিউড ডেবিউয়ের সাক্ষী থাকতে মঞ্চে উঠেছিলেন শাহরুখ। এ সময় তিনি বলেন, ‘আমি ধন্য যে, এই পবিত্র দেশে, মুম্বাইয়ের এই পুণ্যভূমিতে, বিগত ৩০ বছর ধরে আমি আপনাদের বিনোদিত করার সুযোগ পেয়েছি। আজ ভীষণ বিশেষ দিন। কারণ এই পুণ্যভূমিতে আমার ছেলেও পা রাখছে। খুব ভালো ছেলে এবং পরিশ্রমীও। তাই আরিয়ানের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে হাততালি দেবেন। আর ওই করতালির মধ্যে আমার ছেলের জন্য একটু আশীর্বাদও করবেন দয়া করে। একটু প্রার্থনা করবেন ওর জন্য। আমাকে যতটা ভালোবাসা দিয়েছেন, তার ১৫০ শতাংশ আমার ছেলেকে দেবেন।’
সূত্র: হিন্দুস্তান টাইমস