ভারতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে হওয়া বিক্ষোভের পর থেকেই জেন-জি নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রয়েছেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
‘জেন-জি 'নর্দমা প্রজন্ম' মন্তব্যের জেরে যখন বিতর্কের তুঙ্গে অভিনেত্রী, ঠিক তখনই বন্ধু দিবসে (২ আগস্ট) তাদের শুভেচ্ছাবার্তা জানালেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা জানান, জিমে তার পরিচিত দুই জেন জি তরুণীর সঙ্গে দেখা হয়। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি লেখেন, ‘আজ জিমে দুই জেন জি মেয়ের সঙ্গে দেখা হলো। ওরা আমাকে বলল, আমরা ডিজিটাল যুগে জন্মেছি। সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ডেটিং অ্যাপ, এ আই— এগুলোই আমাদের জীবনের অংশ। আমাদের অনেকেই এগুলো ব্যবহার করি, কেউ কেউ এগুলো ছাড়া জীবন কল্পনাও করতে পারি না।’
এর জবাবে কঙ্গনা বলেন, “আমি ওদের বললাম, যতক্ষণ না তোমরা অন্যের সন্তানকে পাহাড় থেকে ফেলে দিচ্ছ বা টুকরো টুকরো করে কাটছ, ততক্ষণ নিজের মতো করে বাঁচার স্বাধীনতা অবশ্যই রয়েছে। উদারপন্থী ও রক্ষণশীল জীবনযাপনের সংঘাতের মধ্যে অনেক নিরপরাধ শিশু প্রাণ হারাচ্ছে, যা আমাদের সকলের জন্যই উদ্বেগের বিষয়।’
তার দাবি, ওই দুই তরুণীও একমত হন যে স্বাধীনতার সঙ্গে জবাবদিহিতাও জরুরি। পোস্টের শেষে তিনি লেখেন, ‘আমার জেন জি বন্ধুদের ফ্রেন্ডশিপ ডে-র শুভেচ্ছা। শান্তি বজায় থাকুক।’
এর আগে প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে হওয়া বিক্ষোভে অংশ নেওয়া কিছু প্রতিবাদকারীর ভাষা ও আচরণের সমালোচনা করে একাধিক পোস্ট করেছিলেন কঙ্গনা।
একটি পোস্টে তিনি লেখেন, ‘‘আমার জীবনে এত কদর্য দৃশ্য একসঙ্গে কখনও দেখিনি। জেন জি-র প্রতিবাদের ভিডিওগুলো দেখলে বমি পায়। ওদের ভাষা, ব্যবহার— সবকিছুই অত্যন্ত অশালীন। এদের বড় করছে কারা?’