রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স’-এ কুশল ট্যান্ডনের উপস্থিতি ঘিরে শুরু থেকেই তৈরি হয়েছিল নানা জল্পনা। বিশেষ করে অভিনেত্রীর অতীত সম্পর্কের সূত্র ধরে তার সঙ্গে জায়েদ দরবারের সমীকরণ নিয়ে দর্শকদের কৌতূহল ছিল তুঙ্গে।
কারণ জায়েদ অভিনেত্রী গওহর খানের স্বামী, আর একটা সময় কুশলের সঙ্গে সম্পর্কে ছিলেন গওহর। ফলে একই শোয়ে কুশল ও জায়েদের মুখোমুখি হওয়া নিয়ে অনেকেই ভেবেছিলেন, পরিস্থিতি হয়তো অস্বস্তিকর হয়ে উঠতে পারে। কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টো।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কুশল জানিয়েছেন, জায়েদকে কখনও গওহরের স্বামী হিসেবে দেখেননি তিনি। বরং ‘অ্যালায়েন্স’-এর ঘরে তাকে শুধুই একজন প্রতিযোগী হিসেবে দেখেছিলেন।
কুশলের কথায়, ‘আমি ওকে কারও স্বামী হিসেবে দেখিনি। একজন প্রতিযোগী হিসেবেই দেখেছিলাম। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব হয়ে যায়। মনে হচ্ছিল যেন আমরা একই বোর্ডিং স্কুলের বন্ধু।’
তবে শোয়ের একটি মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। জায়েদকে উদ্দেশ্য করে কুশল বলেছিলেন, ‘আমার সব জিনিসই তোমার পছন্দ।’ বাইরে থেকে সেই মন্তব্যের অন্য অর্থ করা হলেও কুশলের দাবি, পুরো বিষয়টিই ছিল বন্ধুত্বপূর্ণ মশকরা। তার ব্যাখ্যা, জায়েদ প্রায়ই তার ব্যবহার করা জিনিস চাইতেন—সিগারেট থেকে কফি, এমনকি প্রোটিন শেকও। সেই থেকেই মজার ছলে কথাটি বলেছিলেন তিনি।
কুশল বলেন, “আমরা যখন ধূমপান করতাম, ও আমার সিগারেট চাইতো। আমি কফি বানালে সেটাও চাইতো। প্রোটিন শেক বানালেও চাইতো। তাই আমি মজা করে বলেছিলাম, তোমার শুধু আমার জিনিসই পছন্দ।
কুশলের দাবি, বিষয়টি নিয়ে তাদের মধ্যে কোনও বিরোধ তৈরি হয়নি। বরং দু’জনেই সেটিকে নিছক মজা হিসেবেই নিয়েছিলেন। জায়েদ অবশ্য পরে জানিয়েছিলেন, ওই মন্তব্যের জন্য কুশল তার এবং তার পরিবারের কাছে ক্ষমাও চেয়েছিলেন।
শোয়ে ভ্যানশাজ সিংহ ফিরে এসে কুশলের মন্তব্য নিয়ে জায়েদকে নানা কথা বলার পর পরিস্থিতি কিছুটা জটিল হয়। কুশলের অভিযোগ, তাকে কোণঠাসা করাই ছিল ভ্যানশাজের কৌশল। তবে এত চাপের মধ্যেও নিজের অবস্থান থেকে সরে আসেননি তিনি।
প্রসঙ্গত, প্রায় ১৫ বছর আগে ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পর আর কোনও রিয়্যালিটি শোয়ে ফিরতে চাননি কুশল। কিন্তু প্রযোজক একতা কাপুরের অনুরোধেই ‘অ্যালায়েন্স’-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।