আগামী ৮ সেপ্টেম্বর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের জন্মদিন। এ দিনে প্রকাশ পাবে তার শেষ রেকর্ড করা সিনেমার গানটি। ‘অ্যায় মেরি জিন্দেগি, তু ছুপি হ্যায় কহাঁ’ শিরোনামের গানটি ২০২৩ সালের শেষ দিকে রেকর্ড করেন তিনি।
নির্মাতা হরিশ ভ্যাসের বাবা-ছেলের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ‘ওম কা হরি’ সিনেমাটিতে গানটি ব্যবহৃত হবে। এতে অভিনয় করেছেন অংশুমান ঝা, রঘুবীর যাদব, সোনি রাজদান ও আয়েশা কাপুর।
নির্মাতা হরিশ ভ্যাস এক বিবৃতিতে বলেন, ‘আশাজির জন্মদিনে গানটি প্রকাশের কারণ হলো তার কণ্ঠ, অসামান্য উত্তরাধিকার এবং তার সংগীত যেসব প্রজন্মের শ্রোতার জীবনকে স্পর্শ করেছে, তা উদ্যাপন করা।’
তিনি আরও বলেন, ‘ওম কা হরি’ আমার কাছে অত্যন্ত বিশেষ একটি সিনেমা। এ সিনেমার আবেগের বহিঃপ্রকাশ যে গানের মাধ্যমে হয়েছে, সেই গানে আশাজির কণ্ঠ পাওয়া আমার শিল্পীজীবনের সবচেয়ে গভীর ও স্মরণীয় মুহূর্তগুলোর একটি।’
আশা ভোঁসলে গত ১২ এপ্রিল মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান। তিনি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০০০ সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ২০০৮ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণ লাভ করেন।
‘দম মারো দম’ (১৯৭১), ‘পিয়া তু আব তো আজা’ (১৯৭১), ‘চুরা লিয়া হ্যায় তুমনে’ (১৯৭৩), ‘ইয়ে মেরা দিল’ (১৯৭৮) এবং ‘দিল চিজ কেয়া হ্যায়’ (১৯৮১)-এর মতো জনপ্রিয় গানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত।