বুধবার (৯ সেপ্টেম্বর) ৫৯তম জন্মদিন উদ্যাপন করছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বিশেষ এই দিনে ভক্তদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি নিজের আসন্ন সিনেমা ‘হাইওয়ান’-এর ঝলকও প্রকাশ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘হাইওয়ান’ সিনেমার কিছু দৃশ্যের ভিডিও শেয়ার করেন অক্ষয়। আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এটির।
ভিডিওটির সঙ্গে সিনেমাটি থেকে তিনি কী শিখেছেন, তা নিয়েও একটি দীর্ঘ বার্তা লেখেন অভিনেতা।
অক্ষয় লেখেন, ‘জন্মদিনে একটি ছোট্ট ভাবনা... যাকে খারাপ মনে হয়, সে সবসময় খারাপ নাও হতে পারে। আবার যাকে ভালো মনে হয়, সেও সবসময় ভালো নাও হতে পারে। হয়তো ‘হাইওয়ান’ আমাকে এটাই শিখিয়েছে।’
জন্মদিনে ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অক্ষয়। পাশাপাশি জানিয়েছেন, ‘হাইওয়ান’-এ এমন এক রূপে তাকে দেখা যাবে, যা এর আগে দর্শকরা দেখেননি।
অক্ষয় আরও লেখেন, ‘বছরের পর বছর আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। এই শুক্রবার আমার এমন একটি দিক আপনাদের সামনে তুলে ধরছি, যা আগে কখনও দেখেননি। প্রেক্ষাগৃহে দেখা হবে। ভালোবাসা ও প্রার্থনা।’
এ সিনেমায় অক্ষয়ের সঙ্গে আরও আছেন সাইফ আলি খান। এক দশকেরও বেশি সময় পর ‘হাইওয়ান’-এর মাধ্যমে বড় পর্দায় আবারও একসঙ্গে দেখা যাবে তাদের দুজনকে।
এর আগে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাশান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। ‘হাইওয়ান’সিনেমাটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন।

রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত






