বলিউডে নায়করা ব্যর্থ হলেও ফের সুযোগ পান, নায়িকাদের শূন্য থেকে শুরু করতে হয়: সাইয়ামি

বলিউডে নায়করা ব্যর্থ হলেও ফের সুযোগ পান, কিন্তু নায়িকাদের শূন্য থেকে শুরু করতে হয় বলে মন্তব্য করলেন অভিনেত্রী সাইয়ামি খের। তিনি আরও বলেন, ‘কোনও মহিলা-কেন্দ্রিক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেই শুরু হয়ে যায় নানা প্রশ্ন। অথচ পুরুষ অভিনেতাদের ছবি ব্যর্থ হলেও তাদের একের পর এক সুযোগ দেওয়া হয়।’

সাইয়ামি তার আসন্ন ছবি ‘হাইওয়ান’-এর মুক্তি উপলক্ষে এক সাক্ষাৎকারে মহিলা-প্রধান ছবির প্রতি ইন্ডাস্ট্রির মনোভাব নিয়ে মুখ খোলেন।

তিনি বলেন, ‘বলিউডে মহিলা-কেন্দ্রিক ছবির সংখ্যা বাড়লেও এখনও পুরুষ প্রধান সিনেমার সঙ্গে সমান জায়গায় পৌঁছতে পারেনি নারী-নির্ভর গল্প। যখন কোনও মহিলা-প্রধান ছবি আসে, তখনই মানুষ প্রশ্ন করে ‘কে দেখবে এটা?’

 তার মতে, এই মানসিকতার কারণেই মহিলা অভিনেত্রীদের প্রতিটি ছবির মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করে যেতে হয়।

সাইয়ামি বলেন, ‘মহিলা-প্রধান কোনও ছবি ব্যবসা সফল না হলে প্রশ্ন ওঠে, এমন ছবি কেন বানানো হচ্ছে? অথচ পুরুষদের নিয়ে একের পর এক ছবি আসতেই থাকে। ফলে মহিলা-কেন্দ্রিক ছবির ক্ষেত্রে আমাদের কয়েক ধাপ পিছিয়ে যেতে হয়।’

তবে হতাশার পাশাপাশি পরিবর্তনের দিকটিও দেখছেন সাইয়ামি। তার কথায়, শুধু অভিনেত্রীদের ক্ষেত্রেই নয়, মহিলা পরিচালক, চিত্রনাট্যকার, টেকনিশিয়ান এবং ডিওপিদেরও এখন আগের তুলনায় বেশি দেখা যাচ্ছে। এই পরিবর্তনকে ইতিবাচক বলেই মনে করছেন তিনি।  তার আশা, আগামী দিনে এই পরিবর্তনের গতি আরও বাড়বে।

উল্লেখ্য, সাইয়ামি অভিনীত আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।