শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা

‘শিল্পীদের রাজনৈতিক প্রশ্ন করে লাভ নেই’—এমন মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী। তার মতে, অভিনয়শিল্পীরা রাজনীতি বা সরকারি সিদ্ধান্তের সব তথ্য জানেন না। তাই শুধু শিরোনাম তৈরির জন্য তাদের এমন প্রশ্ন করা অর্থহীন।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, নিজের বক্তব্য এবং ‘মির্জাপুর’ চরিত্র গোলু থেকে পাওয়া শিক্ষাসহ নানা বিষয়ে কথা বলেন শ্বেতা।

অভিনেতাদের রাজনৈতিক বিষয়ে সরাসরি প্রশ্ন করার প্রবণতা নিয়ে শ্বেতা বলেন, ‘আমরা শিল্পী এবং আমরা বুঝি, আমাদের বক্তব্যের সঙ্গে এক ধরনের দায়িত্ব জড়িয়ে আছে। কিন্তু অনেক কক্ষের ভেতরে কী হচ্ছে, কোন নথিতে কী আছে কিংবা সরকারি পর্যায়ে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে—এসব আমরা জানি না।’

তিনি আরও বলেন, ‘আমাদের জ্ঞান যখন সীমিত, তখন কোনও বিষয়ে প্রশ্ন করা হলে আমরা ভুল কিছু বলতেই পারি। আর ভুল বললে আপনারা সমালোচনা করবেন। বরং আমাদের অভিনয় আর আমাদের জীবন নিয়ে প্রশ্ন করুন।’

শ্বেতার মতে, একজন তারকার বক্তব্য অনেক সময় মূল প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে উপস্থাপন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে বিষয়টি আরও বেড়েছে।

তিনি বলেন, ‘আপনি একটা কথা বললেন, কিন্তু সেখান থেকে অন্য কিছু বেরিয়ে এলো। আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে তথ্যের আধিক্য, নিরন্তর কনটেন্ট গ্রহণ এবং সব সময় বিনোদন চলছে। ফলে কোন কথাটা কোথায়, কোন ক্লিপটা কোন প্রসঙ্গে ব্যবহার করা হলো—সেটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।’

নিজের বক্তব্য প্রকাশের ক্ষেত্রে এখন ভয় পান না বলেও জানান এই অভিনেত্রী। তার ভাষ্য, কোনও মন্তব্যের ভুল ব্যাখ্যা হতে পারে—এই আশঙ্কায় নিজের মতামত প্রকাশ বন্ধ করতে চান না তিনি।

প্রসঙ্গত, দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরলেন শ্বেতা ত্রিপাঠী। তার অভিনীত ‘মির্জাপুর: দ্য মুভি’ পরিচালনা করেছেন গুরমিত সিং। সিনেমাটিতে আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠী, দিব্যেন্দু ও জিতেন্দ্র কুমারও অভিনয় করেছেন।