চলতি বছরের জানুয়ারিতে ৪০ বছরে পা দিয়েছেন বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান। সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের পডকাস্টে এসে নিজের ব্যক্তিগত জীবন, গর্ভধারণ এবং মাতৃত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
মাত্র ১৪ বছর বয়সে পিসিওএস অসুখ ধরা পড়ার পর থেকে তাকে বলা হয়েছিল তার মা হওয়া প্রায় অসম্ভব। কিন্তু চল্লিশ বছর বয়সে দাঁড়িয়ে নতুন করে সন্তান জন্ম দেওয়ার স্বপ্ন দেখছেন তিনি।
পডকাস্টে শ্রুতি হাসান জানান, কিশোরী বয়স থেকেই তাকে শুনতে হয়েছে যে পিসিওএস-এর কারণে প্রাকৃতিক উপায়ে গর্ভধারণ করা তার পক্ষে কঠিন হবে। ফলে তিনি মানসিকভাবে ধরে নিয়েছিলেন যে হয়তো কখনো জৈবিকভাবে সন্তান লাভ সম্ভব হবে না। এমনকি দত্তক নেওয়ার জন্যও মানসিক প্রস্তুতি নিয়েছিলেন তিনি।
শ্রুতি বলেন, ‘আমি সবসময় শুনে এসেছি পিসিওএস থাকলে মা হওয়ার আশা ছেড়ে দাও। ১৪ বছর বয়স থেকেই বলা হয়েছে— ‘মা হওয়া খুব কঠিন হবে’। আমি তো ভেবেছিলাম ডাক্তারকে জিজ্ঞেস করলে হয়তো বলবেন— ‘বেটা, দোকান বন্ধ হয়ে গেছে’।
ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পর শ্রুতির এই ধারণা পুরোপুরি বদলে যায়। চিকিৎসকের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তার নতুন আশা জাগিয়ে তোলে। শ্রুতি জানান, তার চিকিৎসক অত্যন্ত সুন্দরভাবে বিষয়টি বুঝিয়ে বলেন। একই সঙ্গে জানান যে শ্রুতি যখনই মা হওয়ার সিদ্ধান্ত নেবেন, তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব।
এছাড়া ৫৩ বছর বয়সে হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজের সন্তান লাভের ঘটনা শ্রুতির মনে নতুন করে আত্মবিশ্বাস জোগায়। শ্রুতি জানান, দত্তক নেওয়ার ইচ্ছা থাকলেও তিনি নিজের শরীরের মাধ্যমে জৈবিকভাবেও মাতৃত্বের স্বাদ পেতে চান।