ক্যাটরিনা কাইফের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে বলিউডের গ্ল্যামার, বড় বাজেটের ছবি এবং তারকাখচিত জীবন। বিলাসী কিংবা আধুনিক জীবন তাদের নিত্যসঙ্গী। কিন্তু এমন দামি নায়িকার মা থাকেন বিদ্যুৎহীন একটি গ্রামে।
অভিনেত্রীর মা সুজানের জীবন একেবারেই আলাদা। খ্যাতি ও বিলাসিতার দূরে থেকে বহু বছর ধরে তামিলনাড়ুর প্রত্যন্ত এলাকায় সুবিধাবঞ্চিত শিশু ও স্থানীয় মানুষের জন্য কাজ করছেন তিনি।
ছোট পরিসরে শুরু হওয়া সেই উদ্যোগ আজ ৩০০ এর বেশি শিশু রয়েছে। তার এই কাজের সূত্রপাত ২০০৮ সালে। সে সময় লন্ডনে থাকা সুজান তামিলনাড়ুতে এসে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হন। গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারের শিশুদের পড়াশোনায় সাহায্য করার লক্ষ্যেই প্রথমে সরকারি স্কুলগুলিতে বিনামূল্যে টিউশনের ব্যবস্থা করা হয়েছিল। ধীরে ধীরে সেই উদ্যোগের পরিধি বাড়তে থাকে। শিক্ষা ছাড়াও স্বাস্থ্য ও নিরাপত্তার মতো বিষয় নিয়েও কাজ শুরু হয়।
প্রথম দিকে পাঁচ বছরের কম বয়সি প্রায় ৩০ জন শিশুকে নিয়ে নার্সারি ক্লাস চালু করা হয়েছিল। মূলত আশপাশের গ্রামের আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তানরাই সেখানে পড়তো। সময়ের সঙ্গে সেই ছোট উদ্যোগই পরিণত হয় স্বীকৃত নার্সারি এবং পরে প্রাথমিক বিদ্যালয়ে।
২০১৫ সালে শুরু হয় ‘মাউন্টেন ভিউ’ নামে স্কুলটি। বর্তমানে সেখানে ৩০০-র বেশি পড়ুয়া রয়েছে। শুধু স্কুল তৈরি করাই নয়, শিশুদের জন্য নিরাপদ ও উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা যায়।
মায়ের কাজ নিয়ে একাধিকবার কথা বলেছেন ক্যাটরিনা। অভিনেত্রীর কথায়, তার মা মাদুরাইয়ে থাকেন এবং সেখানেই শিশুদের জন্য স্কুল গড়ে তুলেছেন। তিনি নিজেও শিক্ষকতা করেন। মায়ের আশীর্বাদ এবং ভালো কাজের প্রভাব তার জীবনেও রয়েছে বলে মনে করেন অভিনেত্রী।
যে এলাকায় ক্যাটরিনার মা থাকেন, সেখানে এখনও দৈনন্দিন জীবনযাত্রায় নানা পরিকাঠামোগত সমস্যা রয়েছে। অভিনেত্রী জানিয়েছেন, সেখানে অনেক সময় বিদ্যুৎ থাকে না, ইন্টারনেট সংযোগও অনিয়মিত। ফলে মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলাও সবসময় সম্ভব হয় না। অনেক সময় সাধারণ ফোন কলের মাধ্যমেই যোগাযোগ রাখতে হয় তাদের।
শুধু নিজের উদ্যোগে কাজ করাই নয়, কয়েকজন শিশুর দায়িত্বও নিয়েছেন সুজান। ক্যাটরিনার বক্তব্য অনুযায়ী, চ্যারিটির মাধ্যমে তিনি আটটি শিশুকে নিজের খরচে লালন-পালন করে বড় করে তুলেছেন।