সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম লুক প্রকাশ হয়েছে। এতে দেখা গেছে আলিয়া ভাটকে একেবারে ভিন্ন ও নজরকাড়া অবতারে। ২৪ সেপ্টেম্বর রণবীর কাপুরের দুটি পোস্টার প্রকাশের একদিন পরই সামনে এলো তার প্রথম লুক।
প্রকাশিত পোস্টারে আলিয়াকে দেখা গেছে নাটকীয় ম্যাজেন্টা-লাল পোশাকে। মাথায় রয়েছে বেশ আকর্ষণীয় হেডপিস। তার সাজ ও পোশাক অনেকটাই ক্যাবারে নৃত্যশিল্পীর মতো। ক্রপ টপের সঙ্গে থাই-হাই স্লিটযুক্ত স্কার্ট পরেছেন তিনি।
পোস্টার দেখে ধারণা করা হচ্ছে, এটি সিনেমার কোনও নাচের দৃশ্যের অংশ হতে পারে। তবে আলিয়ার চরিত্র সম্পর্কে এতে বিস্তারিত কিছু জানা যায়নি। গাঢ় লাল ও সোনালি রঙের ব্যবহার, নাটকীয় আলো এবং ধোঁয়াশাচ্ছন্ন পটভূমিতে পোস্টারটিতে তৈরি হয়েছে জমকালো আবহ—যা সঞ্জয় লীলা বানসালির সিনেমার দৃশ্যশৈলীর সঙ্গে বেশ মানানসই।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান লিখেছে, ‘সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তি পাবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। সিনেমা হলে দেখা হবে।’
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ প্রথমবারের মতো সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় একসঙ্গে অভিনয় করছেন রণবীর, আলিয়া ও ভিকি। একই সঙ্গে প্রায় দুই দশক পর বানসালির সঙ্গে আবারও কাজ করছেন রণবীর। ২০০৭ সালে বানসালির ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল তার।
অন্যদিকে, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (২০২২)-এর পর আবারও বানসালির পরিচালনায় অভিনয় করছেন আলিয়া। রণবীর ও ভিকি এর আগে রাজকুমার হিরানির ‘সঞ্জু’ (২০১৮) সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। আর আলিয়া ও ভিকিকে দেখা গেছে মেঘনা গুলজারের ‘রাজি’ (২০১৮) সিনেমায়।
হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পাবে সিনেমাটি।