লকডাউনে সঞ্চয় শেষ, সিনেমা ছাড়ার সিদ্ধান্ত—ঠিক তখনই ভাগ্য বদল অঞ্জলির!

করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী অঞ্জলি আনন্দের। তবে এই সুযোগ পাওয়ার আগে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। অভিনেত্রী জানিয়েছেন, লকডাউনের সময় তার প্রায় সব সঞ্চয় শেষ হয়ে গিয়েছিল। এমনকি অভিনয় ও ভারত ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবছিলেন তিনি। ঠিক সেই সময়ই আসে সিনেমায় অভিনয়ের প্রস্তাব।

সম্প্রতি চিত্রনির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খানকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সিনেমায় অভিষেকের গল্প তুলে ধরেন অঞ্জলি।

ফারাহ খান অঞ্জলিকে জিজ্ঞেস করেন, রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় তিনি কীভাবে সুযোগ পেলেন?

অঞ্জলি বলেন, ‘২০২০ সাল ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। আমি ভারত ছেড়ে চলে যাওয়া এবং অভিনয় ক্যারিয়ার আর না চালানোর কথা ভাবছিলাম। কোনও কাজ পাচ্ছিলাম না, তার ওপর চলছিল লকডাউন। ফলে টাকাও শেষ হয়ে যাচ্ছিল। মাত্র ছয় মাসের মধ্যে আমার সব সঞ্চয় শেষ হয়ে যায়।’

এরপর অঞ্জলি কাস্টিং ডিরেক্টর শানু শর্মার কাছ থেকে ফোন পাওয়ার ঘটনা স্মরণ করেন। এর আগে শানু তাকে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য ওজন কমাতে বলেছিলেন।

অঞ্জলি বলেন, ‘আমি সারাজীবন শানুকে চিনি। যখনই তার সঙ্গে দেখা হয়েছে, তিনি বলতেন, ‘তুমি ওজন কমাও, আমরা কিছু একটা করবো।’

তবে করণ জোহরের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি নিয়ে অঞ্জলির মাও প্রথমে খুব একটা আশাবাদী ছিলেন না। মায়ের মন্তব্য ছিল, ‘বড়ি আয়ি করণ জোহর কো মিলনে, তুঝে কিউঁ মিলেগা ও?’ অর্থাৎ, ‘করণ জোহর তোমার সঙ্গে দেখা করতে এসেছে! করণ জোহর তোমার সঙ্গে কেন দেখা করবেন?’

কিন্তু শেষ পর্যন্ত মায়ের সেই সংশয় ভুল প্রমাণিত হয়। অঞ্জলি জানান, করণ জোহর তার ছবি ও অডিশন দেখে মুগ্ধ হয়েছিলেন। এরপরই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি।

লকডাউনের কঠিন সময়ে যখন অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন, ঠিক তখনই আসা এই সুযোগই বদলে দেয় অঞ্জলি আনন্দের ক্যারিয়ারের গতিপথ।

সম্প্রতি অঞ্জলিকে ‘ধামাল ৪’ সিনেমাতেও দেখা গেছে।