আলিয়া-সঞ্জয় লীলা বানসালির নতুন পরিকল্পনা, ‘ইনশাআল্লাহ’ ফিরছে

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে নিয়ে নতুন পরিকল্পনায় নেমেছেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। ‘ইনশাআল্লাহ’ নিয়ে ফের ভাবছেন নির্মাতা। ২০১৯ সালে আলিয়া ও সালমান খানকে নিয়ে সিনেমাটি ঘোষণা করা হয়েছিল। তবে শুটিং শুরুর মাত্র কয়েক দিন আগে সালমান সরে দাঁড়ালে প্রকল্পটি স্থগিত হয়ে যায়।

‘মিড-ডে’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইনশাআল্লাহ’ নতুনভাবে ফিরিয়ে আনার বিষয়ে সঞ্জয় লীলা বানসালি ও আলিয়ার মধ্যে আলোচনা চলছে।

তবে সাত বছর আগে যে সিনেমার ঘোষণা দেওয়া হয়েছিল, এটি তার সরাসরি পুনরুজ্জীবন হবে না। মূল গল্পের কাঠামো একই থাকলেও চিত্রনাট্য ও অন্যান্য বিষয় নতুন করে সাজানো হবে। সিনেমাটিকে ভিন্ন আঙ্গিকে দর্শকের সামনে তুলে ধরতে চান নির্মাতা।

সিনেমার অভিনেতা নির্বাচন এখনো চূড়ান্ত হয়নি। চলতি বছরের শুরুতে গুঞ্জন উঠেছিল, সালমান খানের জায়গায় শাহরুখ খানকে দেখা যেতে পারে। কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে, এখনো কোনও অভিনেতাকেই চূড়ান্ত করা হয়নি। সঞ্জয় লীলা বানসালি চূড়ান্ত চিত্রনাট্যে সন্তুষ্ট হওয়ার পরই নায়ক নির্বাচন করবেন।

একটি সূত্র জানিয়েছে, ‘চিত্রনাট্য চূড়ান্ত না হওয়া পর্যন্ত বানসালির কোনও সিনেমার অভিনয়শিল্পী চূড়ান্ত হয় না। সালমান বর্তমানে রাজ-ডিকে’র সিনেমার কাজে ব্যস্ত। অন্যদিকে ‘কিং’-এর পর শাহরুখ খান তার পরবর্তী সিনেমা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি। এমনও হতে পারে, গল্পের প্রয়োজনে আরও কম বয়সী কোনও অভিনেতাকে বেছে নেওয়া হবে।’

‘ইনশাআল্লাহ’ নতুনভাবে ফিরলে আলিয়াকে আবারও সঞ্জয় লীলা বানসালির সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে। এর আগে ‘ইনশাআল্লাহ’ স্থগিত হওয়ার পরই আলিয়াকে নিয়ে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ নির্মাণ করেন বানসালি। সিনেমাটি আলিয়ার ক্যারিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে। এই সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান অভিনেত্রী।