এ বছর শাহরুখ খানের জন্মদিনের আনন্দ আরও বাড়তে চলেছে। আগামী ২ নভেম্বর, বলিউডের বাদশার জন্মদিনেই মুক্তি পেতে পারে তার বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’ এর টিজার। পরিচালক সিদ্ধার্থ আনন্দ এই বিশেষ পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন বলে বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে। সবকিছু পরিকল্পনামাফিক চললে, ওই দিনই ছবিটি সম্পর্কে প্রথম বড় ঝলক পেতে পারেন অনুরাগীরা।
‘বলিউড হাঙ্গামা’র একটি প্রতিবেদন অনুযায়ী, শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর টিজার প্রকাশ করা হবে। ছবির সঙ্গে যুক্ত এক সূত্রের দাবি, এটি অভিনেতার অনুরাগীদের জন্য ‘কিং’ টিমের পক্ষ থেকে জন্মদিনের উপহার।
সিদ্ধার্থ আনন্দ এবার একেবারে নতুন রূপে দর্শকদের সামনে তুলে ধরতে চলেছেন শাহরুখকে। এতে তাকে একেবারে অন্যরকম অবতারে দেখা যাবে । তার সংলাপ বলার ধরন, স্টাইল এবং ব্যক্তিত্ব দর্শকদের মুগ্ধ করবে বলেই আশা করা হচ্ছে।
এদিকে ‘কিং’-এর টিজার মুক্তির মাধ্যমেই ছবিটির আন্তর্জাতিক বিপণন প্রচার শুরু হবে বলে জানা যাচ্ছে। নির্মাতারা ছবিটিকে ভারতীয় সিনেমার অন্যতম বড় অ্যাকশন স্পেকট্যাকল হিসেবে তুলে ধরতে চাইছেন।
ছবির সঙ্গে যুক্ত ওই সূত্রের কথায়, দর্শকরা যদি ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর বিশাল আয়োজন পছন্দ করে থাকেন, তাহলে সিদ্ধার্থ আনন্দ ‘কিং’-এ সেই মাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। ছবির অ্যাকশন, রোমাঞ্চ এবং বিশেষ করে সংগীত দর্শকদের এক অন্য অভিজ্ঞতা দেবে।
ছবিটি নিয়ে আরও একটি চর্চিত খবর হল, ‘কিং’-এ বিশেষ উপস্থিতিতে দেখা যেতে পারে কারিনা কাপুর খানকে। প্রতিবেদন অনুযায়ী, একটি ‘ড্যাডি কুল’ শিরোনামের গানে শাহরুখ খানের সঙ্গে পর্দা ভাগ করে নিতে পারেন তিনি। গানটির শুটিং অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকায় করার পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্সের প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি। সব পরিকল্পনা অনুযায়ী এগোলে, ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’।