‘কিং’ দিয়ে দুই দশকের রেকর্ড ভাঙছেন শাহরুখ

বিনোদন ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ১৫:৪১ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৫:৪১

বলিউড বাদশা শাহরুখ খান তার ক্যারিয়ারের দুই দশকের রেকড ভাঙ্গছেন। ২০ বছর পর ফের তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের সিনেমা নিয়ে আসছেন তিনি। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অনলাইন সিনেমার টিকিট বিক্রির ওয়েবসাইট ফ্যানডাঙ্গোর তথ্য অনুযায়ী, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটির সম্ভাব্য দৈর্ঘ্য ৩ ঘণ্টা ১৭ মিনিট।

তবে সপ্তাহের শুরুতে সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৩৫ মিনিট হতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছিল।

এদিকে ফ্যানডাঙ্গোর তথ্য সত্যি হলে, গত ২০ বছরে প্রথমবার তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের সিনেমায় দেখা যাবে শাহরুখকে। সর্বশেষ ২০০৬ সালে করণ জোহর পরিচালিত ‘কাভি আলবিদা না কেহনা’ সিনেমাটি তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্য নিয়ে মুক্তি পেয়েছিল।

একসময় শাহরুখ খানের সিনেমায় তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্য ছিল বেশ পরিচিত বিষয়। ২০০০ থেকে ২০০৬ সালের মধ্যে তার বেশ কয়েকটি স্মরণীয় সিনেমা দীর্ঘ দৈর্ঘ্য নিয়ে মুক্তি পায়। এর মধ্যে রয়েছে ‘মোহাব্বতে’ (২০০০), ‘কাভি খুশি কাভি গম’ (২০০১), ‘দেবদাস’ (২০০২), ‘কাল হো না হো’ (২০০৩), ‘বীর-জারা’ (২০০৪) ও ‘স্বদেশ’ (২০০৪)। এর মধ্যে ‘মোহাব্বতে’ ছিল ৩ ঘণ্টা ৩৫ মিনিটের, যা শাহরুখের ক্যারিয়ারের দীর্ঘতম সিনেমাগুলোর একটি।

সময়ের সঙ্গে সিনেমার দৈর্ঘ্য নিয়ে নির্মাতাদের ভাবনায় পরিবর্তন এসেছে। দর্শক এখন তুলনামূলক কম দৈর্ঘ্যের ও ঝরঝরে সিনেমা দেখতে পছন্দ করেন—এমন ধারণা থেকেই অনেক নির্মাতা সিনেমার দৈর্ঘ্য কমিয়ে আনতে শুরু করেন।

এমনকি শাহরুখের ‘জব তক হ্যায় জান’ (২০১২) ও ‘হ্যাপি নিউ ইয়ার’ (২০১৪) সিনেমা দুটিও তিন ঘণ্টার সামান্য কম দৈর্ঘ্যের ছিল।

অন্যদিকে সাম্প্রতিক সময়ে শাহরুখের ব্যবসাসফল সিনেমা ‘পাঠান’ (২০২৩) ছিল ২ ঘণ্টা ২৬ মিনিটের এবং ‘জওয়ান’ (২০২৩) ছিল ২ ঘণ্টা ৪৯ মিনিটের।

সাম্প্রতিক সময়ে দীর্ঘ দৈর্ঘ্যের সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ আবারও নতুন করে আলোচনায় এসেছে। ‘অ্যানিমেল’, ‘পুষ্পা ২’ ও ‘ধুরন্ধর’-এর মতো দীর্ঘ দৈর্ঘ্যের সিনেমার বক্স অফিস সাফল্য প্রমাণ করেছে, দর্শকদের মনোযোগ ধরে রাখতে পারলে সিনেমার দৈর্ঘ্য বড় হওয়া বাধা নয়।

সেই বিবেচনায় ‘কিং’-এর মতো বড় বাজেটের অ্যাকশনধর্মী সিনেমা তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের হওয়াকে অস্বাভাবিক মনে করছেন না অনেকে।

ফ্যানডাঙ্গোতে উল্লেখ করা দৈর্ঘ্যই চূড়ান্ত কি না, তা জানতে অপেক্ষা করতে হবে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ডের (সিবিএফসি) ছাড়পত্র পাওয়া পর্যন্ত। আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ‘কিং’ সিনেমার।

/এনআই/
সম্পর্কিত
শাহরুখ ‘কিং’, আরিয়ানের প্রেমিকা লারিসা আর কী বললেন
শাহরুখ ‘কিং’, আরিয়ানের প্রেমিকা লারিসা আর কী বললেন
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
রিঙ্কুর বিয়েতে আমন্ত্রণ পাচ্ছেন শাহরুখ-মোদি!
রিঙ্কুর বিয়েতে আমন্ত্রণ পাচ্ছেন শাহরুখ-মোদি!
শাহরুখের ‘কিং’ ট্রেলার তৈরিতে বড় চ্যালেঞ্জ কী
শাহরুখের ‘কিং’ ট্রেলার তৈরিতে বড় চ্যালেঞ্জ কী
বিনোদন বিভাগের সর্বশেষ
এক বছর পর কন্যার ছবি প্রকাশ করলেন নীলয় আলমগীর
এক বছর পর কন্যার ছবি প্রকাশ করলেন নীলয় আলমগীর
মোশাররফ করিম-শিমুর ‘যাত্রা বিরতি’, দীঘিসহ আছেন আরও যারা
মোশাররফ করিম-শিমুর ‘যাত্রা বিরতি’, দীঘিসহ আছেন আরও যারা
কেন অপি করিমকে ‘বোট ম্যান’ বলেছিলেন সোনিয়া গান্ধী
কেন অপি করিমকে ‘বোট ম্যান’ বলেছিলেন সোনিয়া গান্ধী
মিমির বর শোবিজের কেউ নন, তবে ত্রমিলা হলেন তার জা
মিমির বর শোবিজের কেউ নন, তবে ত্রমিলা হলেন তার জা
শাহরুখ ‘কিং’, আরিয়ানের প্রেমিকা লারিসা আর কী বললেন
শাহরুখ ‘কিং’, আরিয়ানের প্রেমিকা লারিসা আর কী বললেন