ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত

বলিউড অভিনেতা রণবীর কাপুর পুনের অভিজাত আবাসন ট্রাম্প টাওয়ারে নিজের একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়েছেন। রিপোর্ট অনুযায়ী, ফ্ল্যাটটির মাসিক ভাড়া ৪ দশমিক ৬৩ লাখ রুপি।

এই ভাড়া চুক্তির মেয়াদ তিন বছর। ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চুক্তিটি শেষ হবে ২০২৯ সালের ১৯ সেপ্টেম্বর।

এই তিন বছরে ভাড়া বাবদ রণবীরের মোট আয় প্রায় ১ দশমিক ৭৫ কোটি রুপি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রতি বছর বাড়বে ভাড়ার পরিমাণ

সিআরই ম্যাট্রিক্সের (CRE Matrix) হাতে আসা সম্পত্তি নিবন্ধনের নথি অনুযায়ী, পুনের কল্যাণী নগর-ইয়েরওয়াড়া এলাকায় অবস্থিত ট্রাম্প টাওয়ারের দশম তলার ফ্ল্যাটটির লিজ ও লাইসেন্স চুক্তি ২০২৬ সালের ৬ অক্টোবর নিবন্ধিত হয়। চুক্তি অনুযায়ী, প্রতি বছর ভাড়া ৫ শতাংশ করে বাড়বে।

প্রথম বছর: মাসিক ভাড়া ৪ দশমিক ৬৩ লাখ রুপি। দ্বিতীয় বছর: মাসিক ভাড়া ৪ দশমিক ৮৬ লাখ রুপি। তৃতীয় বছর: মাসিক ভাড়া ৫ দশমিক ১১ লাখ রুপি। এই চুক্তির মাধ্যমে তিন বছরে আনুমানিক ১ দশমিক ৭৫ কোটি টাকা ভাড়া আয় হবে বলে আশা করা হচ্ছে।

ফ্ল্যাটটির আয়তন কত

নথিতে উল্লেখ করা হয়েছে, ফ্ল্যাটটির আয়তন প্রায় ৬,০৯৪ বর্গফুট। এর সঙ্গে রয়েছে তিনটি ঢাকা গাড়ি পার্কিংয়ের জায়গা। চুক্তিতে রুচি গোয়েলকে ভাড়াটে বা লাইসেন্সি হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, রণবীর কাপুরের হয়ে তার পাওয়ার অব অ্যাটর্নি হোল্ডার শান্তি শিবদাস মালিক প্রতিনিধিত্ব করেছেন।

জামানত দিয়েছেন ২৭ দশমিক ৭৮ লাখ রুপি। চুক্তি অনুযায়ী, রুচি গোয়েল ২৭ দশমিক ৭৮ লাখ রুপি  জামানত হিসেবে জমা দিয়েছেন। এই অর্থ প্রথম বছরের মাসিক ভাড়ার ছয় মাসের সমান।

নথিতে আরও জানা  গেছে, রণবীর কাপুর ২০১৫ সালে ফ্ল্যাটটি কিনেছিলেন। সে সময় সম্পত্তিটির দাম ছিল ১১ কোটি টাকারও বেশি।