কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রতিষ্ঠান আপসার্জ ল্যাবস এলএলপিকে মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্ট এলাকায় একটি বাণিজ্যিক অফিস ভাড়া দিয়েছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান ও তার মা অমৃতা সিং। পাঁচ বছরের চুক্তিতে অফিসটির মোট ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৭৬ লাখ রুপি। প্রাথমিকভাবে মাসিক ভাড়া ৫ লাখ ৮৫ হাজার ৩৫০ রুপি।
সম্পত্তি নিবন্ধন সংক্রান্ত নথির বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টের ভিরা দেশাই রোডে সিগনেচার ভবনে অবস্থিত অফিসটির আয়তন ২ হাজার ৫৪৫ বর্গফুট। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও পাবে।
গত ২৯ সেপ্টেম্বর নিবন্ধিত হয় অফিসটির লিজ ও লাইসেন্স চুক্তি। এর মেয়াদ ৬০ মাস বা পাঁচ বছর। চুক্তিতে আপসার্জ ল্যাবস এলএলপির পক্ষে সই করেছেন প্রতিষ্ঠানটির অংশীদার সৌময় জৈন।
নথি অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে চুক্তির মেয়াদ শুরু হয়েছে। অফিস সাজানো ও প্রয়োজনীয় অবকাঠামোগত কাজের জন্য প্রথম দুই মাস, অর্থাৎ ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ভাড়া মওকুফ করা হয়েছে। ভাড়া পরিশোধ শুরু হবে ১ ডিসেম্বর থেকে।
চুক্তিতে প্রতি বছর ভাড়া ৫ শতাংশ হারে বাড়ানোর শর্ত রাখা হয়েছে। পাঁচ বছরে মোট ভাড়া বাবদ ৩ কোটি ৭৬ লাখ রুপি পাওয়ার কথা রয়েছে সারা ও অমৃতার। প্রাথমিক মাসিক ভাড়া এবং অফিসের আয়তন হিসাব করলে প্রতি বর্গফুটের ভাড়া দাঁড়ায় প্রায় ২৩০ রুপি, বার্ষিক ভাড়া বৃদ্ধির হিসাব বাদ দিয়ে।
সূত্র: হিন্দুস্তান টাইমস