শুটিংয়ে ১০০ ফুট উঁচু ক্রেন ভেঙে পড়েছিল, ভয়াবহ স্মৃতি জানালেন কাজল আগরওয়াল

‘ইন্ডিয়ান ২’ ছবির শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন অভিনেত্রী কাজল আগরওয়াল। সেই রাতের ভয়ংকর অভিজ্ঞতার কথা সম্প্রতি স্মরণ করেছেন তিনি। অভিনেত্রীর কথায়, ঈশ্বরের কৃপাতেই সেদিন প্রাণে রক্ষা পেয়েছিলেন তিনি।

২০২০ সালের ফেব্রুয়ারিতে চেন্নাইয়ের পুনামাল্লিতে ইভিপি ফিল্ম সিটিতে ‘ইন্ডিয়ান ২’ ছবির শুটিং করছিলেন। সেখানেই প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন ভেঙে পড়ে। ভয়াবহ ওই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয় এবং আহত হন আরও কয়েকজন।

‘হিউম্যানস অব বম্বে’কে দেওয়া সাক্ষাৎকারে কাজল জানান, শুটিংয়ের সময় সাধারণত যেভাবে সবাই মনিটরের সামনে বসে থাকেন, সেদিনও তেমনটাই হচ্ছিল। ওই দিন একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করার কথা ছিল তার। দৃশ্যটির জন্য তাকে ৮০ বছর বয়সী এক নারীর সাজে দেখা যাওয়ার কথা ছিল।

হঠাৎ সবাই যখন ছোটাছুটি শুরু করেন, তিনিও দৌড়াতে শুরু করেন। কিন্তু দৌড়ানোর সময় একটি টেবিলে ধাক্কা লেগে পড়ে যান তিনি।

কাজল বলেন, ‘ঠিক তখনই আমার মনে হলো, আমি কী থেকে পালাচ্ছি? একবার ফিরে তাকিয়ে দেখি না কী হচ্ছে! পেছনে ফিরে তাকাতেই দেখলাম, ১০০ ফুট উঁচু একটি ক্রেন আমার দিকে ভেঙে পড়ছে।’

অভিনেত্রী আরও বলেন, ‘সবকিছু এক মুহূর্তের মধ্যে ঘটে গিয়েছিল। ক্রেনটিকে আমার দিকে পড়তে দেখছিলাম। আমি যেন জমে গিয়েছিলাম। কী ঘটছে, তা বিশ্বাসই করতে পারছিলাম না।’

তিনি জানান, ক্রেনটি তার ঠিক পাশেই ভেঙে পড়েছিল। তিনি সেটির দিকে তাকিয়ে ছিলিন আর ভয়ে কাঁপছিলেন।

সেই ভয়াবহ অভিজ্ঞতা তাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছিল। দুর্ঘটনার পর বেশ কয়েক দিন আতঙ্কিত ছিলেন তিনি। একই সঙ্গে নিজেকে সৌভাগ্যবান মনে করছিলেন। এই ঘটনার পর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার বিশ্বাস আরও গভীর হয় বলেও জানান অভিনেত্রী।