ইলন মাস্ক, বিল গেটসদের সঙ্গে রাবণের তুলনা, টুইঙ্কলের মজার মন্তব্য

রাবণের সঙ্গে বর্তমান বিশ্বের প্রযুক্তি জগতের কয়েকজন শীর্ষ ধনকুবেরের মিল খুঁজে পেলেন বলিউড অভিনেত্রী টুইঙ্কল খান্না। নিজের সাম্প্রতিক একটি কলামে লঙ্কার রাজা রাবণের সঙ্গে ইলন মাস্ক, বিল গেটস এবং জেনসেন হুয়াংয়ের তুলনা করেছেন তিনি।

মজার ছলে রাবণকে আখ্যা দিয়েছেন আসল ‘টেক ব্রো’ বা প্রযুক্তি জগতের আদিপুরুষ হিসেবে।

সম্প্রতি রামায়ণ ছবির প্রচারে পুষ্পক বিমানের প্রসঙ্গ তুলেছিলেন রণবীর কাপুর। তিনি বলেছিলেন, ইলন মাস্কের উড়ন্ত গাড়ির ধারণার মতো প্রযুক্তি ভারতের কাছে প্রায় ৫ হাজার বছর আগেই ছিল। রণবীরের সেই মন্তব্যের সূত্র ধরেই বিষয়টি নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন টুইঙ্কল।

টাইমস অব ইন্ডিয়া-তে প্রকাশিত তার সাম্প্রতিক কলামে টুইঙ্কল লেখেন, ‘ইলন মাস্ক হয়তো বুঝতেই পারেননি, আসল টেক ব্রো-র নকশা আমাদের কাছেই ছিল। রাবণ ছিলেন অত্যন্ত বিদ্বান, ধনী ও ক্ষমতাশালী। তার হাতে ছিল অসাধারণ সব প্রযুক্তি। একই সঙ্গে তিনি বিশ্বাস করতেন, অন্যদের জন্য যে নিয়মকানুন রয়েছে, সেগুলোর ঊর্ধ্বে তিনি।’

এরপর রাবণের সঙ্গে বর্তমান সময়ের প্রযুক্তি ধনকুবেরদের মিল তুলে ধরে টুইঙ্কল আরও লেখেন, ‘অমরত্বের প্রতি তার মোহ এবং আজকের প্রযুক্তি জগতের ধনকুবেরদের সঙ্গে তার সাদৃশ্য উপেক্ষা করা কঠিন। রাবণের শুধু একটি চামড়ার জ্যাকেট, তার দশটি মাথায় একটি করে ডিভাইস, সিলিকন ভ্যালিতে নিজের একটি সদর দফতর এবং একটি পডকাস্ট থাকলেই তিনি সবার সঙ্গে দিব্যি মিশে যেতে পারতেন।’

রাবণের বুদ্ধিমত্তা ও আত্মনিয়ন্ত্রণের অভাব নিয়েও মন্তব্য করেছেন টুইঙ্কল। তার কথায়, ‘রাবণের গোটা বিশ্বকে জয় করার মতো বুদ্ধিমত্তা ও ক্ষমতা ছিল। কিন্তু আজকের বহু ক্ষমতাশালী পুরুষের মতো তিনিও নিজের মনকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছিলেন। আমাদের কাছে এখন মস্তিষ্কে রক্তপ্রবাহ পর্যবেক্ষণ করার মতো যন্ত্র রয়েছে। কিন্তু কারও অহংকার ফুলে-ফেঁপে উঠছে কি না, তা শনাক্ত করার যন্ত্র এখনও আবিষ্কার হয়নি।’

এদিকে, রামায়ণ ছবির জমকালো দৃশ্য ও বিশেষ ভিজ্যুয়াল ইফেক্টসেরও প্রশংসা করেছেন টুইঙ্কল।

উল্লেখ্য, নিতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ ছবিতে রামের চরিত্রে রণবীর, রাবণের চরিত্রে যশ এবং সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী।