একসময় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ‘বাংলা চলচ্চিত্রের রানি’ বলে অভিহিত করেছিলেন পরীমণি। অপু বিশ্বাসের পথচলাকে নিজের অনুপ্রেরণা হিসেবেও উল্লেখ করেছিলেন তিনি। সেই পরীমণিই এবার অপুকে বললেন ‘পরগাছার রানি’। পাল্টা জবাব দিতে দেরি করেননি অপুও। পরীমণিকে উদ্দেশ করে তার মন্তব্য, ‘তার লেভেলে এসে তারপর তাকে নিয়ে পোস্ট দিতে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে দুই নায়িকার এমন পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা। পরীমণির ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসের পর এবার সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন অপু বিশ্বাস। রবিবার (১৫ নভেম্বর) একটি অনুষ্ঠানে পরীমণিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তার লেভেলে এসে তারপর তাকে নিয়ে পোস্ট দিতে।’
এ সময় পরীমণির সিনেমা নিয়েও মন্তব্য করেন অপু। তার দাবি, পরীমণির ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ, বাকি পাঁচটি নির্মাণাধীন। এরপর তিনি বলেন, ‘সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলবো।’
দ্বন্দ্বের শুরু যেভাবে
দুই নায়িকার এই বাকযুদ্ধের সূত্রপাত একটি ভিডিওবার্তাকে ঘিরে। সেখানে অপু বিশ্বাস বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’
অপুর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন পরীমণি। কাউকে সরাসরি উল্লেখ না করলেও তাঁর স্ট্যাটাসে অপু বিশ্বাসকে ইঙ্গিত করা হয়েছে বলে মনে করেন অনেকে।
স্ট্যাটাসে পরীমণি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সঙ্গে ক্লিয়ার হন, কী বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’
একই স্ট্যাটাসে অপুকে ‘পরগাছার রানি’ বলেও কটাক্ষ করেন তিনি।
‘লেভেল’ নয়, ‘কোয়ালিটি’ নিয়ে কথা বলতে চান পরীমণি
অপুর ‘লেভেলে’ আসার মন্তব্যের পর নিজের অবস্থান আরও স্পষ্ট করেছেন পরীমণি। সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড আইডিতে একটি ভিডিও পোস্ট করেন তিনি। এর ক্যাপশনে লেখেন, ‘লেভেল! আসেন কোয়ালিটি নিয়ে কথা বলি। আমাদের কোয়ালিটি ১০০ তে ১০০ বস। কোয়াটিলি ম্যাটার্স। ওসব লেভেল আমরা গুনি নাহ।’
এদিকে সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত নানা বিষয়েও খবরের শিরোনামে আসছেন পরীমণি। কিছুদিন আগে আদালত চত্বরে এক সাংবাদিকের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। এর পর গুলশানে একটি অনুষ্ঠানে আক্রমণের শিকার হয়েছেন বলে মধ্যরাতে ফেসবুক লাইভে জানান এই চিত্রনায়িকা। সে সময় তার গাড়ি ভাঙচুরের অভিযোগও করেন। তবে পুলিশ সূত্রে জানা যায়, তার গাড়ি অক্ষত ছিল।