একাধিক সম্পর্কে জড়ানো নিয়ে যা বললেন অনন্যা

জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন বলে জানালেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তবে সম্পর্ক ভেঙে যাওয়া বা প্রেমে পড়ার মধ্যে ভুল কিছু দেখেন না তিনি। করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ এসে নিজের সম্পর্ক এবং বর্তমান জীবনযাপন নিয়ে এভাবেই খোলামেলা কথা বললেন নায়িকা।

এ সময় আরও জানালেন, আপাতত সিঙ্গল থাকাটা বেশ উপভোগ করছেন তিনি।

শোয়ে অনন্যার স্বভাব নিয়ে মজার মন্তব্য করেন সঞ্চালক করণ জোহর। তার কথায়, অনন্যা এমন একজন মানুষ, যিনি শুক্রবার ব্রেকআপ করলে সেই মুহূর্তে ভেঙে পড়েন। কিন্তু সোমবার আসতে না আসতেই আবার সবকিছু সামলে স্বাভাবিক হয়ে যান।

করণের সঙ্গে কথোপকথনে ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে সম্পর্কের ইতি টানার কথাও উঠে আসে অনন্যার।

অভিনেত্রীর কথায়, আপাতত নিজের সঙ্গেই সময় কাটাতে চান তিনি। অতীতে সম্পর্কের ক্ষেত্রে এবং অন্য মানুষকে খুশি রাখার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। কিন্তু গত কিছুদিনে নিজের প্রতি মনোযোগ দেওয়ার সুযোগ পেয়েছেন। আর সেই অভিজ্ঞতাই এখন বেশ ভাল লাগছে তার।

অনন্যা পাণ্ডে

তবে বিয়ে নিয়ে অনন্যার স্বপ্ন কিন্তু একেবারেই বদলায়নি। বরং বিয়ে করে একজন মানুষের সঙ্গে সারাজীবন কাটানোর ভাবনাকে ভীষণ সুন্দর বলে মনে করেন তিনি।

অনন্যা বলেন, ‘আমার মনে হয়, আমি বিয়ের জন্যই জন্মেছি। বিয়ে করার ভাবনাটাই আমার কাছে খুব সুন্দর। একজন মানুষের সঙ্গে গোটা জীবন কাটাবো, এই চিন্তাটাই আমাকে উত্তেজিত করে তোলে।’

অর্থাৎ আপাতত নতুন কোনও সম্পর্কে জড়ানোর তাড়া না থাকলেও বিয়ের প্রতি আগ্রহ হারাননি অনন্যা।