হলিউড অভিনেত্রী ম্যাককেনা গ্রেস জানিয়েছেন, নগ্নতা বা অতিরিক্ত যৌন আবেদনপূর্ণ দৃশ্যে অভিনয় করতে না চাওয়ার সিদ্ধান্তের সঙ্গে ডিজনি প্রিন্সেস হওয়ার স্বপ্নের কোনও সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত পছন্দ ও স্বাচ্ছন্দ্যের বিষয়।
নগ্ন দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারের পর তৈরি হওয়া আলোচনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ম্যাককেনা গ্রেস।
গত ৩ নভেম্বর ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তার বক্তব্যের দুটি অংশকে আলাদা প্রসঙ্গ থেকে নিয়ে একসঙ্গে উপস্থাপন করা হচ্ছে।
২০ বছর বয়সী এই অভিনেত্রী লেখেন, ‘বর্তমান ক্যারিয়ারের এই পর্যায়ে আমি মনে করি, এ ধরনের কিছু করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি না। তবে যারা করেন, তাদের সবাইকে আমি সম্মান করি। একই সঙ্গে আমার একটি স্বপ্নের চরিত্রও রয়েছে!’
ম্যাককেনা বলেন, ‘আমি শুধু ডিজনি প্রিন্সেস হতে চাই বলে নগ্ন দৃশ্য বা অতিরিক্ত যৌন আবেদনপূর্ণ চরিত্রে অভিনয় করতে অস্বস্তিবোধ করি, বিষয়টি এমন নয়। এটি একান্তই আমার ব্যক্তিগত সীমারেখা এবং জীবনের এই পর্যায়ে এ ধরনের কাজের ক্ষেত্রে আমার স্বাচ্ছন্দ্যের মাত্রার বিষয়।’
বিষয়টি নিয়ে এত আলোচনা হওয়ায় বিস্ময় প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এটি নিয়ে এত আলোচনা হচ্ছে, যা কিছুটা হাস্যকর! কথা বলার মতো আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।’
এর আগে কসমোপলিটন সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে নগ্ন দৃশ্য রয়েছে এমন অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে কথা বলেন ম্যাককেনা। তিনি জানান, ক্যারিয়ারের এই পর্যায়ে তিনি এমন চরিত্রের জন্য আগ্রহী নন।
এ ধরনের দৃশ্যে অভিনয় করা সহকর্মীদের বিষয়ে কোনও নেতিবাচক মনোভাব নেই বলেও জানান তিনি। ম্যাককেনার ভাষায়, ‘যারা পারেন, তাদের আমি সম্মান করি। কিন্তু আমার কাছে বিষয়টি ভীতিকর। ভবিষ্যতে আমার এই অবস্থান বদলাবে কি না, তা-ও জানি না।’
তবে নিজেকে শুধু পরিচ্ছন্ন বা নিরীহ চরিত্রে সীমাবদ্ধ রাখেননি বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী। উদাহরণ হিসেবে ‘স্ক্রিম’( Scream) সিনেমায় তার চরিত্রের কথা তুলে ধরেন। সেখানে ঘোস্টফেসের হাতে তার চরিত্রকে নির্মমভাবে হত্যার দৃশ্য রয়েছে। এরপরও একদিন ডিজনি প্রিন্সেস হওয়ার স্বপ্ন দেখেন তিনি।
‘স্ক্রিম ৭’ ছবিতে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ম্যাককেনা গ্রেসকে । ২০ নভেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ ছবিতে মেইসিলি ডোনার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া নেটফ্লিক্সের লাইভ অ্যাকশন ‘স্কুবি-ডু’ সিরিজে ড্যাফনি চরিত্রেও দেখা যাবে তাকে।
‘আলো আসবেই’ গ্রুপের জ্যোতিকা জ্যোতির শোবিজে যাত্রা শুরু যেভাবে