মুক্তির আগেই বক্স অফিসে বড় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে ধানুশ অভিনীত সিনেমা ‘ওএম: চ্যাপ্টার ১—উধিরাম’। বিশ্বব্যাপী প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রিতে ব্লক সিটসহ ৭ কোটি রুপি ছাড়িয়েছে সিনেমাটির আয়। এর মধ্য দিয়ে অগ্রিম টিকিট বিক্রির হিসাবে ধানুশের আগের সিনেমা ‘রায়ান’কেও ছাড়িয়ে গেছে এটি।
বক্স অফিসবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর দুপুর ১২টা ২ মিনিট পর্যন্ত সিনেমাটির প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ৭ কোটি ৩২ লাখ রুপি (গ্রস)।
ব্লক সিট বাদ দিলে এই আয়ের পরিমাণ ৬ কোটি ৬১ লাখ রুপি। এ সময় পর্যন্ত ৫ হাজার ৬টি প্রদর্শনীর জন্য বিক্রি হয়েছে ৪ লাখ ৯ হাজার টিকিট।
অগ্রিম টিকিট বিক্রিতে ধানুশের বেশ কয়েকটি সিনেমার চূড়ান্ত আয়কেও ছাড়িয়ে গেছে ‘ওএম’। ব্লক সিট বাদ দিয়েও সিনেমাটির বর্তমান আয় ‘রায়ান’-এর চূড়ান্ত অগ্রিম টিকিট বিক্রির আয় ৬ কোটি ১৫ লাখ রুপির চেয়ে বেশি। অন্যদিকে ‘ক্যাপ্টেন মিলার’ ও ‘ইডলি কাদাই’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রির আয় ছিল যথাক্রমে ৩ কোটি ৮৭ লাখ ও ৩ কোটি ৭ লাখ রুপি।
দেশটির বড় মাল্টিপ্লেক্স চেইন পিভিআর, আইনক্স ও সিনেপলিসেও ভালো ব্যবসা করছে সিনেমাটি। এসব প্রেক্ষাগৃহের ৫৭২টি প্রদর্শনী থেকে ব্লক সিটসহ অগ্রিম টিকিট বিক্রির আয় হয়েছে ১ কোটি ৭ লাখ রুপি। যা সিনেমাটির মোট অগ্রিম আয়ের প্রায় ১৪ দশমিক ৬ শতাংশ। বাকি আয় এসেছে অন্যান্য সিনেমা হল ও প্রেক্ষাগৃহ থেকে।
তবে ‘ওএম’-এর প্রকৃত সাফল্য নির্ধারিত হবে মুক্তির প্রথম দিনের বক্স অফিস আয়ে। বর্তমানে ধানুশের তামিল সিনেমার মধ্যে সবচেয়ে বড় উদ্বোধনের রেকর্ড রয়েছে ‘রায়ান’-এর দখলে। ভারতে মুক্তির প্রথম দিনে সিনেমাটির আয় ছিল ১৫ কোটি ৬৭ লাখ রুপি (গ্রস)।
এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ইডলি কাদাই’। সিনেমাটির প্রথম দিনের আয় ১২ কোটি ৭৫ লাখ রুপি। এরপর রয়েছে ‘কর্ণন’, ‘ভাথি’ ও ‘ক্যাপ্টেন মিলার’।
রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ‘ওএম: চ্যাপ্টার ১—উধিরাম’ সিনেমায় ধানুশের পাশাপাশি অভিনয় করেছেন মালয়ালম তারকা মাম্মুট্টি ও সাই পল্লবী।
২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এখন দেখার বিষয়, অগ্রিম টিকিট বিক্রির সাফল্যকে বক্স অফিসের আয়েও রূপ দিতে পারে কি না ‘ওএম’। সেটি সম্ভব হলে ধানুশের ক্যারিয়ারে তৈরি হবে নতুন রেকর্ড।